ফ্রান্সের পর চ্যাম্পিয়ন ইতালিও
চার বছরেই ছবিটা কীভাবে পাল্টে গেল! ঝিরঝিরে কনফেত্তির মধ্যে বর্ণিল আতশবাজি আর তুমুল উল্লাসের শব্দে কাঁপানো স্টেডিয়ামে সোনালি ট্রফিটা হাতে তুলে নিয়েছিলেন ফ্যাবিও ক্যানাভারো। কাল ইতালির অধিনায়ক আর তাঁর সতীর্থরা মাঠ ছাড়লেন মাথা হেঁট করে, প্রথম রাউন্ডে বিদায়ের লজ্জার তিলক কপালে লাগিয়ে!কাল গ্রুপের শেষ ম্যাচে স্লোভাকিয়ার কাছে ২-৩ গোলে হেরেই এবারের বিশ্বকাপ শেষ হয়ে গেল চ্যাম্পিয়নদের। একই সময় ‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে নিউজিল্যান্ড-প্যারাগুয়ে করেছে গোলশূন্য ড্র। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠে গেল প্যারাগুয়ে। এই প্রথম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল দক্ষিণ আমেরিকান দেশটি। ইতালির বিপক্ষে স্নায়ুক্ষরা ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ের সঙ্গী হলো স্লোভাকিয়া। ম্যাচটা ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে যাওয়া যেত—এই তথ্য শুধু ইতালির দুঃখই বাড়াচ্ছে।পাঁচ গোলের চারটিই ম্যাচের শেষ ২০ মিনিটে। ৭৩ মিনিটে ভিতেকের দ্বিতীয় গোলটিই ইতালিকে পিছিয়ে দিয়েছিল ০-২ গোলে। তখনই চ্যাম্পিয়নদের বিদায় একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। ইতালির মৃতপ্রায় আশা বাঁচিয়ে তোলেন ডি নাতালে ৮১ মিনিটে। ৫ মিনিট পর বদলি হিসেবে নামার তিন মিনিটের মধ্যে গোল করে স্লোভাকিয়াকে ৩-১-এ এগিয়ে দেন কামিল কপুনেক। আবারও ইতালির আশা জেগে ওঠে ফ্যাবিও কোয়াগলিয়ারেল্লার গোলে।আশা-নিরাশার এই দোলাচল শেষ হয়েছে ইতালির পরাজয়ে। অবশ্য অফসাইডের খাঁড়ায় একটি গোল বাতিল হয়ে গেছে তাদের। আরেকবার বল গোললাইন পেরিয়ে গিয়েছিল বলেই মনে হয়েছে টিভি রিপ্লেতে। কিন্তু গোলের বাঁশি বাজাননি রেফারি। এসব আক্ষেপ নিয়েই চার বছর পর আরেকটি বিশ্বকাপের অপেক্ষায় দিন গুনতে হবে ইতালিকে।ফ্রান্স বাদ পড়েছিল আগেই। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম আগের আসরের চ্যাম্পিয়ন-রানার্সআপরা প্রথম রাউন্ডেই বাদ পড়ল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম রাউন্ডে বাদ পড়ার চতুর্থ নজির এটি। দুবারই এই লজ্জা ইতালির। প্রথম উদাহরণটিও ইতালির সৌজন্যেই, ১৯৫০ বিশ্বকাপে। ১৯৬৬ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল আগের দুবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আর ২০০২-এ আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৯৭৪ বিশ্বকাপের পর এই প্রথম দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হলো ব্রাজিলের পর সবচেয়ে বেশি চারবার বিশ্বকাপজয়ী ইতালি।ব্যর্থতার পরিসংখ্যানের ভারেও ন্যুব্জ ইতালি। কাল ম্যাচ শেষে যেভাবে হন হন করে মাঠ থেকে বেরিয়ে গেলেন কোচ মার্সেলো লিপ্পি, বোঝাই যাচ্ছে এই পরাজয়ের দায় হয়তো রেফারির কাঁধেই চাপাবেন। তাতেও অবশ্য তাঁর ডিফেন্ডারদের ব্যর্থতা আড়াল করা যাবে না। ইতালির রক্ষণভাগ চিরকাল প্রতিপক্ষের ফরোয়ার্ডের বুকে কাঁপন তুলে এসেছে। ২০০৬ বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা পালন করেছিল ক্যানাভারো অ্যান্ড কোং। এবার শুরু থেকেই সেই রক্ষণে অনেক ফাটলের দেখা মিলেছে। প্রথম দুই ম্যাচে খোদ অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোর ভুলের মাশুল গুনতে হয়েছে তাদের।কাল ভুলটা করলেন ডি রসি। তাঁর ভুল পাস থেকেই প্রথম গোলটি করেছেন ভিতেক। কপুনেকের করা তৃতীয় গোলটিও তাঁকে ঠিকমতো মার্ক না করার শাস্তি। তবে এ সবই এখন অর্থহীন আলোচনা। ফ্রান্সের পর ইতালিও বিদায় নিল, নেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকাও। বিশ্বকাপ হয়তো কিছুটা রং হারিয়ে ফেলল। তবে এবারের বিশ্বকাপ যেভাবে একের পর এক নাটকীয়তা উপহার দিচ্ছে, সেটিও কম উত্তেজনার খোরাক নয়।