ফ্রান্সের বাঁচা-মরার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশোধ শব্দটাকে একটু ক্লিশে লাগতে পারে। তবে জ্লাতান ইব্রাহিমোভিচের মনে আজ সেটা ঘুরপাক খেতেই পারে। চার দিন আগে প্রথম লেগে জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইব্রাকে অসহায় হয়ে দেখতে হয়েছে পর্তুগিজদের বিজয়োল্লাস। আজ নিজেদের মাঠে সেটা ‘ফিরিয়ে’ দেওয়ার সুযোগ সুইডেনের সামনে। তবে ইব্রা-রোনালদোর চেয়েও ফুটবল-বিশ্বের নজর আজ থাকতে পারে ফ্রান্স-ইউক্রেন ম্যাচের ওপর। বিশ্বকাপে যেতে হলে যে আজ দুর্দান্ত কিছুই করতে হবে দিদিয়ের দেশমের ফ্রান্সকে!
ফ্রান্স কোচ দেশমের মনে ঘুরে ঘুরে আসছে হয়তো ১৯৯৪-এর স্মৃতি। বাছাইপর্বের শেষ গ্রুপ ম্যাচে বুলগেরিয়ার কাছে হেরে বিশ্বকাপ-স্বপ্নের সমাধি হয়েছিল ফ্রান্সের। সেই ম্যাচে দেশম ছিলেন। আজ মাঠের বাইরে থেকে কি আবার অমন একটা ‘ট্র্যাজেডি’ দেখতে হবে? প্রথম লেগটা ২-০ গোলে জেতায় ইউক্রেনের চোখে ব্রাজিলের ছবিটা প্রায় দৃশ্যমান! ইতিহাসও কিন্তু প্রেরণা হতে পারে ইউক্রেনের। প্রথম লেগে দুই গোলে হারার পর ইউরোপ থেকে এখনো কেউ বিশ্বকাপে যায়নি।
আক্ষরিক অর্থেই আজ তাই জীবন-মরণ লড়াই ফ্রান্সের জন্য। স্ট্রাইকার অলিভিয়ের জিরু যেন বাকিদের মনের কথাটাই বলে দিলেন, ‘বিশ্বকাপে যেতে হলে দরকার হলে মাঠে আমরা মরতেও প্রস্তুত। কথাগুলো একটু বাড়াবাড়ি মনে হচ্ছে, কিন্তু আমরা দেখাতে চাই ফ্রান্সের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমি এখনো কল্পনা করতে পারছি না ফ্রান্সকে ছাড়াই বিশ্বকাপ হচ্ছে।’
দেশমও জানেন বিশ্বকাপের পথটা এখন দুস্তর পারাবার। ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য তাই বললেন, ‘সেদিন আমরা মুখে একটা চড় খেয়েছিলাম। আজ সেটা ফিরিয়ে দেওয়ার সুযোগ। আর সম্ভাবনাটা খুবই বাস্তব। কতটুকু কম বা বেশি সেটা এখানে আলোচনার বিষয় নয়। আমাদের নিজেদের সর্বোচ্চটা দিতে হবে।’ কিন্তু ১৯৯৮-এর বিশ্ব চ্যাম্পিয়নরা যদি বিশ্বকাপে না যেতে পারে? দেশম সেই সম্ভাবনাটা মাথায় আনতেই চাইলেন না, ‘বিশ্বাস করুন আর না-ই করুন, কথাটা আমার একদমই মনে হচ্ছে না। আমি যদি খেলোয়াড়দের বিশ্বাস করাতে চাই যে তারা সেটা করতে পারে, তাহলে আগে আমাকেই সেটা বিশ্বাস করতে হবে।’
আজ অবশ্য দুই দলেই কিছু পরিবর্তন হচ্ছে। লাল কার্ডের খাঁড়ায় পড়ে খেলতে পারছেন না ফ্রান্সের লরেন্ত কসিয়েলনি ও ইউক্রেনের ওলেকসান্দর কুচার। খেলতে পারেন রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানে।
ফ্রান্সের মতো একই শঙ্কার সামনে সুইডেনও। তবে তাদের পথ অতটা বন্ধুর নয়। প্রথম লেগে ১-০ গোলে হারার পর আজ তাদের জিততে হবে অন্তত ২ গোলে। সুইডেন ডিফেন্ডার জোনাস ওলসন জানেন ‘ইব্রা-ঝলকই’ পারে তাঁদের বিশ্বকাপে নিয়ে যেতে। সে কারণেই বললেন, ‘সে (ইব্রাহিমোভিচ) আসলেই অসাধারণ। জাতীয় দলে ওর সঙ্গে অনুশীলন করতে গিয়েই বুঝেছি সে কতটা অবিশ্বাস্য হতে পারে। ইংল্যান্ডে আমি অনেক প্রতিভাবানদের সঙ্গে খেলেছি, কিন্তু জ্লাতান একেবারেই অন্য উচ্চতার।’
কিন্তু রোনালদোর কথাও তো ভুললে চলবে না। এই মৌসুমে আগের সব রেকর্ড ভেঙে দেবেন বলেই পণ করেছেন। ক্লাব রিয়াল মাদ্রিদের ফর্মটাই যেন টেনে এনেছিলেন প্রথম লেগে। আজও কি আবার ‘সিআর সেভেনের’ আলোয় আলোকিত হবে পর্তুগাল? এএফপি।
আজ মুখোমুখি
ফ্রান্স - ইউক্রেন
সুইডেন - পর্তুগাল
রোমানিয়া - গ্রিস
ক্রোয়েশিয়া - আইসল্যান্ড
* প্রথমে স্বাগতিক দল