ফ্রান্সের বিপক্ষে জিতেও দক্ষিণ আফ্রিকার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের বিপক্ষে চমত্কার একটি বিজয় দিয়েই বিশ্বকাপ শেষ করল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আজ ব্লুমফন্টেইনে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ খেলায় ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে বাফানা বাফানারা। শেষ মানে শেষই। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের কাছে ৩-০ গোলে হারার খেসারত দক্ষিণ আফ্রিকা দিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে। গোল পার্থক্যে দক্ষিণ আফ্রিকাকে টপকে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে মেক্সিকো। এই গ্রুপ থেকে অনেক আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল ৯৮-এর চ্যাম্পিয়ন ফ্রান্সের। ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।ফ্রান্সের জন্য এবারের বিশ্বকাপটি হয়ে রইল দুঃস্বপ্নেরই এক প্রতিযোগিতা হয়ে। দুঃস্বপ্ন থেকে দলটি বের হতে পারেনি আজও। খেলার ২০ মিনিটের সময় বনগানি খুমালো গোল করে এগিয়ে নেন দক্ষিণ আফ্রিকাকে। গোলটির সময় হতভম্ব, বিধ্বস্ত ফরাসি রক্ষণভাগ চেয়ে দেখা ছাড়া কিছুই করত পারেনি। ২৫ মিনিটের সময় রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখেন ফ্রান্সের ইয়োন জুরকাফ। বাকি সময়টা ১০ জনের দল নিয়ে উজ্জীবিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেবল আক্রমণের ধাক্কা সামলিয়েছে ফরাসিরা। প্রথমার্ধের ৩৭ মিনিটের সময় চমত্কার একটি আক্রমণ থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে এগিয়ে দেন কাটলেগো এমফেলা।দ্বিতীয়ার্ধে ফ্রান্স কিছুটা আক্রমণ করে খেলার চেষ্টা করে। কোচ রেমন্ড ডমেনেখ সাইডলাইনে বসিয়ে রাখা থিয়েরি অঁরিকে মাঠে নামালে আক্রমণের ধার কিছুটা বেড়ে যায় ফ্রান্স দলের। তবে এই সময় দক্ষিণ আফ্রিকাও সমানভাবে আক্রমণ চালিয়ে যেতে থাকে। কয়েকটি সুযোগও নষ্ট করে এসময় দক্ষিণ আফ্রিকা।খেলার ৭০ মিনিটের সময় ফ্রাংক রিবেরির চমত্কার একটি পাস থেকে বিশ্বকাপে ফ্রান্সের পক্ষে প্রথম গোলটি করেন ফ্লোরেন্ত মালুদা। মালুদাকে ধন্যবাদ দিতেই পারেন কোচ ডমেনেখ। বিশ্বকাপে ফ্রান্সের মতো দল একটিও গোল না করলে বড় লজ্জার ব্যাপার হতো। খেলার শেষদিকে সম্মিলিত একটি আক্রমণ থেকে ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন সিফিউই শাবালালা।