ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন লাসানা দিয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শুরুর আগেই ফ্রান্সের জন্য এক দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছেন লাসানা দিয়েরা। ক্ষুদ্রান্তের সমস্যার কারণে দল থেকে ছিটকে পড়েছেন তিনি। বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্সের জন্য এটি একটি সমস্যা হয়েই দেখা দিয়েছে।শুক্রবারই দিয়েরা পাকস্থলীর ব্যথার কারণে অনুশীলন করতে পারেননি। গতকাল শনিবারও তিনি অনুশীলনে অনুপস্থিত ছিলেন। ফ্রান্স দলের চিকিত্সকেরা জানিয়েছেন, গ্লেসিয়ারে অনুশীলনের সময় অনেক খেলোয়াড়ই ক্ষুদ্রান্তের সমস্যায় আক্রান্ত হতে পারেন। গত বৃহস্পতিবার থেকে ফরাসি আল্পসের গ্লেসিয়ারে বিশ্বকাপ সামনে রেখে ফ্রান্স ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরু করেছে। চিকিত্সকেরা জানিয়েছেন, এটা একটি দুর্ভাগ্যজনক অসুস্থতা এবং এ সমস্যায় আক্রান্ত হলে কাউকে অন্তত এক মাসের বিশ্রামে যেতে হয়। ফ্রান্স ফুটবল ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘লাসানা দিয়েরা ক্ষুদ্রান্তের সমস্যার কারণে দুর্ভাগ্যজনকভাবে ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন। তাঁকে কমপক্ষে এক মাসের বিশ্রামে যেতে হবে। তবে দিয়েরার বদলি হিসেবে এ মুহূর্তে কোনো খেলোয়াড়কে নেওয়া হচ্ছে না।’ফ্রান্স ফুটবল দলের কোচ রেমন্ড ডমেনেখ ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেও আগামী ১ জুন তাঁর চূড়ান্ত দল ঘোষণা করার কথা ছিল। লাসানা দিয়েরা ২০০৯ সালের জানুয়ারিতে ইংলিশ লিগের দল পোর্টস মাউথ থেকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন। তিনি চেলসি ও আর্সেনালের পক্ষেও খেলেছেন। এবারের বিশ্বকাপে ফ্রান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারতেন তিনি। বিশ্বকাপ শুরুর আগেই অনুশীলন শিবিরেই তাঁকে রক্ষণাত্মক মাঝ মাঠের খেলোয়াড় হিসেবে ফরাসি কোচ রেমন্ড ডমেনেখের প্রথম পছন্দ ছিলেন তিনি। ফ্রান্সের বিশ্বকাপ বাছাইপর্বের খেলাগুলোতেও তিনি একই স্থানে রেমন্ড ডমেনেখের অত্যন্ত পছন্দের খেলোয়াড় ছিলেন। তাঁর বাদ পড়াটা তাই ফরাসি দলের জন্য একটি বিরাট আঘাতই।