ফ্রান্সের বিষাদে যুক্ত ড্র দুশ্চিন্তা
বিপদ যখন আসে, চারদিক থেকেই আসে। উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর মেক্সিকোর কাছে ০-২ গোলের হার। ফরাসিদের হূদয়-মনে এখন শুধুই বিষাদের ঘনঘটা। দলের জঘন্য পারফরম্যান্সের হা-হুতাশের মধ্যেই আবার নতুন করে যুক্ত হয়েছে ড্র দুশ্চিন্তা। না, নিজেরাই আরেকটি ম্যাচে ড্র করবে, দুশ্চিন্তা এখানে নয়। তাদের দুশ্চিন্তা, ম্যাচ ড্র করে ফেলবে উরুগুয়ে-মেক্সিকো!প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের ফলে ’৯৮-এর চ্যাম্পিয়ন এবং ২০০৬-এর রানার্সআপ ফ্রান্সের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা এখন দূরসমুদ্রের মিটিমিটি বাতি, যে বাতিটা নিজেদের আরেকটি বাজে পারফরম্যান্সে তো নিভে যাবেই, হালকা এক ফুঁতেই নিভিয়ে ফেলতে পারে অন্যরাও! দুই ম্যাচে সাকল্যে সংগ্রহ ১ পয়েন্ট। প্রথম রাউন্ডের বৈতরণী পেরোতে ফরাসিদের সামনে দুটি কঠিন শর্ত। ২২ জুন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচে শুধু বড় ব্যবধানে (অন্তত ৩-০) জিতলেই হবে না, ফলাফল হতে হবে উরুগুয়ে-মেক্সিকোর ম্যাচেও। উরুগুয়ে, মেক্সিকো দুই দলেরই পয়েন্ট চার করে। একই দিন উত্তর-দক্ষিণ দুই আমেরিকার এই দুই দলের ম্যাচটি যদি ড্র হয়ে যায়, তা হলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফরাসিদের জিতেও কোনো লাভ নেই। তাদের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত করে শেষ ষোলোর পর্বে নাম দেবে উরুগুয়ে, মেক্সিকো।মানে ড্রতে উরুগুয়ে, মেক্সিকো দুই দলেরই লাভ। শুধু ব্যক্তিবিশেষের ভাবনায় নয়, ফরাসিরা তাদের মনের ভয়টা ফুটিয়ে তুলেছে পত্রিকার পাতায়ও, ড্র করে ফেলবে উরুগুয়ে-মেক্সিকো! ফ্রান্সের জনপ্রিয় ক্রীড়া দৈনিক লেকিপ লিখেছে, ‘দুঃখ হচ্ছে, ড্র করে ফেলবে উরুগুয়ে-মেক্সিকো।’ড্রতেই স্বপ্নপূরণ, জয়-পরাজয়ের যুদ্ধে নেমে খামোখা নিজের ভাগ্য ঝুঁকির নৌকায় চাপানোর দরকার কী? মেক্সিকো-উরুগুইয়ানরা তাই মনে মনে ড্র আপসের সমঝোতা করলেও করতে পারে। অতীতে এমন ঘটনা হয়েছেও। বিশ্বকাপের মঞ্চেও সর্বশেষ ১৯৮২ সালে ঘটেছিল এমন ঘটনা। নিজেদের ভাগ্য নিশ্চিত করতে গোলশূন্য ড্র করে জার্মানি-অস্ট্রিয়া। আর তার খেসারত হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আলজেরিয়া। ২০০৪-এর ইউরোতে, সুইডেন-ডেনমার্ক, দুই প্রতিবেশী ২-২ গোলে ড্র করে ছিনিয়ে নেয় পরের রাউন্ডের ছাড়পত্র। তাদের ড্রয়ের মাশুল গুনে বিদায় নেয় ইতালি।ভয়টা তাঁরও হচ্ছে কি না কে জানে? তবে ফরাসি কোচ রেমন্ড ডমেনেখ কঠিন এই সময়ে অন্যকে নিয়ে ভাবতে নারাজ, ‘আমি অন্যদের নিয়ে উদ্বিগ্ন নই। আমাদের খেলতে হবে এবং কিছু একটা করতে হবে। অন্যদের ম্যাচ নিয়ে আমার কোনো সমস্যা নেই।’ ফরাসিদের জন্য স্বস্তির কথা, উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ এবং মেক্সিকোর কোচ হ্যাভিয়ের আগুরি দুজনেই নাকচ করে দিয়েছেন ড্র ‘মেকানিজমের’ সম্ভাবনার কথা। এএফপি।