
জিদানের ছায়াতেই ঢাকা পড়ে থাকার কথা ছিল তাঁর। সেটা হলে অবশ্য আজকের ফ্রাঙ্ক রিবেরি তিনি হতে পারতেন না। হতে দেননি রিবেরি নিজেই। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে সেই গোলটি করে। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল, ম্যাচটাও জিতল ফ্রান্স। তবে এসব কিছু নয়, রিবেরির বড় অর্জন ওই ম্যাচের পরে খোদ জিদানের কাছ থেকে পাওয়া সনদ, ‘ছেলেটা ফরাসি ফুটবলের রত্ন।’
রত্ন অনেক রকমের হয়। রিবেরি হয়তো ছিলেন হীরা। যে হীরায় তখনো খনির রুক্ষতা থেকে গিয়েছিল। পরের আট বছরে অভিজ্ঞতার ঘর্ষণে যা মসৃণ থেকে মসৃণতর হয়েছে। সুবাদে শুধু ফ্রান্স নয়, বিশ্ব ফুটবল পেয়েছে চকচকে-ঝলমলে রিবেরিকে। ব্রাজিল বিশ্বকাপেও যিনি প্রস্তুত সেই আলো ছড়াতে।
রুক্ষ হীরা থেকে মসৃণ হয়ে ওঠার মতো তাঁর জীবনের গল্পটাও। মাত্র দুই বছর বয়সে ভয়ংকর এক সড়ক দুর্ঘটনায় মুখ প্রায় থেঁতলে গিয়েছিল। সেই শিশুমুখেই এক শর বেশি সেলাই পড়েছে। সেরে উঠেছেন ঠিকই, বয়সের সঙ্গে মুখের সেই ক্ষতচিহ্নও মিলিয়েছে। তবে সবটা নয়। মুখের ডান দিকে আর ভ্রুর ওপরে কয়েকটা দাগ এখনো সাক্ষী হয়ে আছে ছোটবেলার সেই ভয়াবহ স্মৃতির।
সেটা অবশ্য রিবেরির ফুটবলার হওয়া ঠেকাতে পারেনি। নিজের শহরের ক্লাব কোনতিল বোলোনিয়ায় প্রথম পাঠ, তবে পেশাদার ফুটবলে পা রেখেছিলেন ফরাসি ক্লাব লিলের হয়ে। সেখান থেকে ইউএস বোলোনিয়া, আলিস, ব্রেস্তোয়িস, মেৎজ, তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের পরে মার্শেই। ফরাসি এই ক্লাবেই প্রথম পাদপ্রদীপের আলোয় আসেন রিবেরি। প্রথম মৌসুমেই ক্লাবকে ফরাসি কাপের ফাইনালে তুললেন। তত দিনে ২০০৬ বিশ্বকাপ ঘনিয়ে এসেছে। পারফরম্যান্সের পুরস্কার হিসেবে কোচ রেমন্ড ডমেনেখও রিবেরিকে জায়গা দিলেন বিশ্বকাপ দলে। তারপর স্পেনের বিপক্ষে প্যাট্রিক ভিয়েরার পাস থেকে সেই গোল।
বিশ্বকাপের পর আর একটা মৌসুম মাত্র ছিলেন মার্শেইয়ে। নতুন ঠিকানা হলো বায়ার্ন মিউনিখ এবং সেখানেই ক্যারিয়ারের সেরা সময়টা কাটছে ফরাসি উইঙ্গারের। জার্মান ক্লাবের হয়ে চারটি বুন্দেসলিগা জিতেছেন। গত বছর বায়ার্নের ট্রেবল জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখে হয়েছেন ইউরোপের সেরা ফুটবলার, ছিলেন ব্যালন ডি’অরের সেরা তিনেও। জিদান যাঁকে ‘ফ্রান্সের রত্ন’ বলেছিলেন সেই রিবেরিকে এখন বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার বলছেন অনেকেই। বিশ্বকাপে দিদিয়ের দেশমও তাই তাকিয়ে তাঁর দিকে।
২০০৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ছন্দপতন হয়েছে। দুই বছর পর ইউরোতে নিষ্প্রভ ছিলেন রিবেরি, ফ্রান্সও বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই। তারপর ২০১০ বিশ্বক্লাপ তো দুঃস্বপ্ন হয়ে আছে ফ্রান্সের জন্য। বাজে পারফরম্যান্সের কারণে দেশে ফেরার পর ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের তদন্ত কমিটির সামনেও বসতে হয়েছে। তবে বায়ার্নের হয়ে গত দুটি মৌসুম সব ভুলিয়ে দিয়ে এখন তাঁকে আত্মবিশ্বাসী করে তুলেছে দারুণভাবে। জাতীয় দলের কোচ হিসেবে দেশমকে পেয়েও নাকি দারুণ সুবিধা হয়েছে তাঁর, ‘তিনি আমাকে অনেক স্বাধীনতা দিয়েছেন। আমি নিজের পছন্দের পজিশনে খেলতে পারছি। যে স্বাধীনতাটুকু ২০০৬ সালে পেয়েছিলাম।’
পছন্দের কোচ পেয়েছেন, খেলতে পারছেন নিজের পছন্দের জায়গায়। বায়ার্নের হয়ে পারফরম্যান্সটা কি এবার জাতীয় দলে রূপ দিতে পারবেন রিবেরি? রয়টার্স।