ফ্রান্সের সঙ্গে প্রস্তুতি ম্যাচ জিমিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। এবার এএইচএফ কাপে (এশিয়ান হকি ফেডারেশন) জাতীয় দলের সাফল্য দেখতে চায় ফেডারেশন। আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হংকংয়ে হবে এএইচএফ কাপ হকি। এ জন্য জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্প করবে জাতীয় দল। শুধু তা-ই নয়, সেখানে গিয়ে ফ্রান্স, পোল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে ফেডারেশনের। কাল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন কোচ মাহবুব হারুন।   

এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়নসহ জাতীয় দলের ৯ জন খেলোয়াড়। আরও ৯ খেলোয়াড়সহ কোচ মাহবুব হারুনকে জার্মানিতে পাঠাবে ফেডারেশন। ১৪ অক্টোবর জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়বে জাতীয় দলের বাকি খেলোয়াড়েরা। এ জন্য ৩৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে দুই-এক দিনের মধ্যে। সেখান থেকে ১০ অক্টোবরের মধ্যে বেছে নেওয়া হবে ১২ জন খেলোয়াড়। জার্মানি থেকে ফিরিয়ে আনা হবে ৩ জনকে। সব মিলিয়ে ১৮ জন খেলোয়াড়কে নিয়ে জার্মানিতে চলবে এক মাসের কন্ডিশনিং ক্যাম্প। সেখানে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। এর মধ্যে তিনটি ম্যাচ খেলবে ফ্রান্স, পোল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ফ্রান্স ১৭ নম্বরে, পোল্যান্ড ১৯ ও অস্ট্রিয়া ২২। বাংলাদেশের অবস্থান ৩২।

কন্ডিশনিং ক্যাম্প শেষে ২ নভেম্বর ফিরে আসবে বাংলাদেশ দল।