ফ্রান্সেসকোলির আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এঞ্জো ফ্রান্সেসকোলি
এঞ্জো ফ্রান্সেসকোলি

এক গ্রুপে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন। ইতালি, ইংল্যান্ড, উরুগুয়েকে নিয়ে আগামী বিশ্বকাপের ‘ডি’ গ্রুপটা পরিণত হয়েছে ‘ডেথ গ্রুপে’। কিন্তু মৃত্যুকূপে উরুগুয়ের সম্ভাবনা আসলে কতটা? দেশটির সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় এঞ্জো ফ্রান্সেসকোলি অবশ্য আশাবাদী তাঁর দেশ ভালোই করবে। দলে সুয়ারেজ আছেন না!

ফ্রান্সেসকোলি গ্রুপের বাকি তিন দলকে যেন সতর্কবার্তাই দিয়ে রাখছেন, ‘বিশ্বকাপ সহজ নয়। কিন্তু উরুগুয়ে ভালো অবস্থায় আছে। এই দলের বিপক্ষে খেলাটা সহজ হবে না। যেখানে তারা খেলবে সেই জায়গাটাও সহজ হবে না। ব্রাজিলে শীতকাল হলেও তারা যেখানে খেলবে সেটা খুবই উত্তপ্ত ও আর্দ্র। কিন্তু উরুগুয়ে দেখিয়েছে তারা নিজেদের ছাড়িয়ে যেতে পারে।’

গত ২০১০ বিশ্বকাপেই অবশ্য উরুগুয়ে সেটা দেখিয়েছে। সেবার উরুগুয়ে সেমিফাইনালে গিয়ে হেরেছিল। ’৮৬ ও ’৯০ বিশ্বকাপ খেলা ফ্রান্সেসকোলি আশাবাদী, ব্রাজিলেও তারা অনেক দূর যেতে পারবে। কারণ, ‘উরুগুয়ের লুইস (সুয়ারেজ) ও কাভানির মতো দুজন স্ট্রাইকার আছে। যদিও আমি মনে করি এই পজিশনে লুইসই সেরা।’

ব্রাজিলে দারুণ একটা স্মৃতি আছে উরুগুয়ের। ব্রাজিলিয়ানদের শিরোপাস্বপ্ন ভেঙে দেওয়া পঞ্চাশের সেই মারাকানোজার ‘ভিলেন’ ছিল উরুগুয়েই। ফ্রান্সেসকোলি আরেকটি মারাকানাজোর স্বপ্ন দেখছেন, ‘কখনো কখনো মারাকানাজোর কথা ভাবতে ভালোই লাগে।’ তবে বাস্তবতাকে অস্বীকারও করতে পারছেন না, ‘ফুটবলে আপনি স্বপ্ন দেখতে পারেন, কিন্তু আপনাকে জানতে হবে ম্যাচ থেকে কীভাবে ফল বের করে আনতে হয়। আপনাকে সাতটা ম্যাচ নিখুঁত খেলতে হবে।’ রয়টার্স।