ফ্রেঞ্চ ওপেন জিতলেন সানিয়া
ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বাদ নিলেন সানিয়া মির্জা। তবে এককে নয়, মিশ্র দ্বৈতে। ফাইনালের লড়াইয়ে গতকাল বৃহস্পতিবার স্বদেশি মহেশ ভূপতিকে সঙ্গে নিয়ে গঞ্জালেস-ক্লদিয়া জুটিকে ৭-৬ (৭/৩), ৬-১ গেমে হারান সানিয়া।ভূপতির ৩৮তম জন্মদিন ছিল কাল। এদিনই দেখা মিলল শিরোপার। জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে! ম্যাচ শেষে ঠিক একই কথা বললেন সানিয়া, ‘ভূপতিকে কী উপহার দেব, এ নিয়ে এখন আর ভাবতে হবে না আমাকে।’ভূপতি এই শিরোপা উত্সর্গ করেছেন তাঁর চার মাস বয়সী মেয়ে সায়রাকে, ‘এই শিরোপাটা ওর জন্য। আমি সত্যি খুশি।’ উল্লেখ্য, ভূপতির স্ত্রী ভারতীয় অভিনেত্রী ও সাবেক ‘মিস ইউনিভার্স’ লারা দত্ত। ভূপতি-লারার প্রথম সন্তান সায়রা।সানিয়া ও ভূপতি একসঙ্গে এ নিয়ে তৃতীয়বারের মতো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠেছিলেন। প্রথমবার ওঠেন ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। সেবার শিরোপা ধরা দেয়নি। তবে ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন হাতছাড়া হয়নি সানিয়া-ভূপতি জুটির।সংবাদ সম্মেলনে ভূপতির প্রতিক্রিয়া, ‘আমরা মরিয়া হয়ে টেনিস খেলি। যখন খেলায় জোশ আসে, তখন আমাদের হারানো কঠিন।’ সানিয়া বলেন, ‘আপনি যতবার কোনো প্রতিযোগিতায় খেলতে নামবেন, ততবারই শিরোপা জয় করতে চাইবেন। এটাই স্বাভাবিক। আমরা খুশি। দুই সপ্তাহেরও বেশি সময় নিজেদের খেলাটা ধরে রাখতে পেরেছি। ভূপতির জন্মদিনে দ্বিতীয়বারের মতো শিরোপার দেখা পেলাম। আমার জন্মদিনেও প্যারিসে একবার শিরোপা জয় করেছিলাম আমরা। সেটাই ছিল আমার প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়। হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল।’ সূত্র: ওয়েবসাইট।