ফ্রেঞ্চ ওপেন থেকে লি নার বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিয়েছেন মেয়েদের অন্যতম শীর্ষ বাছাই লি না। অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী চীনের এই তারকা হেরে গেছেন র্যাঙ্কিংয়ের ১০৩ নম্বর স্থানে থাকা ক্রিস্টিনা ম্লাদেনোভিচের কাছে।
দুই ঘণ্টার এই লড়াইয়ে লি নার পরাজয় ৭-৫, ৩-৬, ৬-১ গেমে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই কিনা সাবেক ফ্রেঞ্চ ওপেন বিজয়ী এই ম্যাচে করে বসেন ৩৭টি অমার্জনীয় ভুল। তবে লি নার ভুলের প্রসঙ্গ টেনে ম্লাদেনোভিচের দুর্দান্ত পারফরম্যান্সকে আড়াল করার আসলে কোনো কারণ নেই। দারুণ খেলেই চীনা তারকাকে হারিয়েছেন এই ফরাসি তরুণী।
র্যাঙ্কিংয়ে স্থানটা ১০৩ হলেও ম্লাদেনোভিচ কিন্তু একেবারে ফেলনা কেউ ছিলেন না। এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনে ড্যানিয়েল নেস্টরের সঙ্গে মিশ্র দ্বৈতে শিরোপাজয়ী তিনি। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিস্কের সঙ্গে। এএফপি।