ফ্রেঞ্চ ওপেনে অনিশ্চিত উইলিয়ামসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট কাটিয়ে উঠেছেন ভেনাস ও সেরেনা উইলিয়ামস। তবে তাঁদের ফ্রেঞ্চ ওপেনে খেলা না-খেলা এখনো অনিশ্চয়তার দোলাচলে দুলছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটনের এক যুব টেনিস ক্লিনিকে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেছে দুই সহোদরাকে। সে সময় চোটের কোনো চিহ্ন দেখা যায়নি তাঁদের মধ্যে।আগামী ২২ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে খেলতে উদ্গ্রীব ভেনাস, ‘ফ্রেঞ্চ ওপেন খুব বড় টুর্নামেন্ট। এটা অনেক মজার ইভেন্ট। আমরা অবশ্যই সেখানে থাকতে চাই। আমরা এখন একেকটি সপ্তাহ ধরে এগোচ্ছি। আমাদের লক্ষ্য, যত দ্রুত সম্ভব সেরে ওঠা।’গত বছরের উইম্বলডন জয়ের পর থেকে মাঠের বাইরে আছেন ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা উইলিয়ামস। গত জুলাইয়ে কাচে ডান পা কেটে যায় সেরেনার। এই চোট থেকে সেরে উঠতে দুটি অস্ত্রোপচার করতে হয়েছিল। তা পুরোপরি সেরে উঠতে না-উঠতেই গত ফেব্রুয়ারিতে ফুসফুসের সমস্যায় পড়ে জরুরি অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত সরাতে হয়েছিল। এ ঘটনা তাঁর জীবনের সবচেয়ে ভয়ংকর মুহূর্ত বলে বর্ণনা করেছেন সেরেনা, ‘এটা সত্যিই ভয়ংকর ছিল। এখন অনেকটাই ভালো লাগছে আমার।’তবে ২০০২ ফ্রেঞ্চ ওপেনজয়ী সেরেনা এখনই ডব্লুটিএ বা গ্র্যান্ড স্লাম খেলার মতো সুস্থ হয়েছেন কি না, সেটা অস্পষ্ট। ‘মাত্রই ভালো লাগতে শুরু করেছে আমার এবং কোর্টে ফিরেছি। আমি এটিকে ধীরেসুস্থেই নিচ্ছি। মাঝেমধ্যে এটা আমার ধারণার থেকেও ধীরে হচ্ছে। কিন্তু এটা কাজ করবেই।’গত অক্টোবরে ক্যারোলিন ওজনিয়াকির কাছে এক নম্বর স্থান হারানো ২৯ বছর বয়সী সেরেনা এখন আছেন র‌্যাঙ্কিয়ের দশে। এক বছরের বড় ভেনাসের অবস্থান ষোলোতে। পেট ও নিতম্বের ব্যথায় এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই ভেনাস আছেন মাঠের বাইরে। তবে আশা করা হচ্ছে, ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতির জন্য আগামী মাসে ব্রাসেলসে খেলবেন। এএফপি।