ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের দ্বৈতের ফাইনালে সানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে মহেশ ভূপাতির সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনের মিশ্র দ্বৈতের শিরোপা জিতেছিলেন সানিয়া মির্জা। এবার তিনি দাঁড়িয়েছেন আরেকটি মাইলফলক গড়ার মুখোমুখি। রাশিয়ান টেনিস খেলোয়াড় এলেনা ভেসনিনার সঙ্গে জুটি বেঁধে চলে গেছেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। কাল শুক্রবার ফাইনালে জিততে পারলেই প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে মেয়েদের দ্বৈতে গ্রান্ড স্ল্যাম জেতার গৌরব অর্জন করবেন সানিয়া। ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে অবাছাই অন্দ্রে লাভাকোভা ও লুসি রাডেকার মুখোমুখি হবেন সানিয়া-ভেসনিনা।উভয় জুটিরই শিরোপা জয়ের সমান সম্ভাবনা আছে বলে মনে করছেন সানিয়া। অবাছাই বলে লাভাকোভা ও রাডেকাকে কোনোমতেই খাটো করে দেখছেন না তিনি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে এই টেনিস তারকা বলেছেন, ‘এখানে এখন র্যাঙ্কিংয়ের কোনো অর্থ নেই। পুরো টুর্নামেন্টে ভালো খেলেই তারা ফাইনালে এসেছে। কাজেই তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। দুই জুটিরই শিরোপা জয়ের সমান সম্ভাবনা আছে।’ এখন শুক্রবারের লড়াইয়ে যারা চাপ সামলে ভালো খেলতে পারবে, তারাই শেষ হাসি হাসবে বলে মনে করছেন ভারতের এই টেনিস কন্যা। পিটিআই।