ফ্রেঞ্চ লিগেও চোখ থাকবে এবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের জার্সি নাম্বারই ৯। এবারের ফ্রেঞ্চ লিগের নতুন আকর্ষণও তাঁরা দুজন— পিএসজিতে নাম লেখানো এডিনসন কাভানি (বাঁয়ে) ও মোনাকোতে যাওয়া রাদামেল ফ্যালকাও   ফাইল ছবি
দুজনের জার্সি নাম্বারই ৯। এবারের ফ্রেঞ্চ লিগের নতুন আকর্ষণও তাঁরা দুজন— পিএসজিতে নাম লেখানো এডিনসন কাভানি (বাঁয়ে) ও মোনাকোতে যাওয়া রাদামেল ফ্যালকাও ফাইল ছবি

জৌলুশ বা তারকাদীপ্তিতে অনেক এগিয়ে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ বা বুন্দেসলিগা। কিন্তু এবার বোধ হয় ফুটবলামোদীরা ফ্রেঞ্চ লিগ ওয়ানের দিকেও একটু দৃষ্টি রাখবেন। আগ্রহটা বাড়িয়ে দিয়েছে নবরূপে আবির্ভূত প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও মোনাকো। দুই দলে যোগ হয়েছেন বড় দুই তারকা এডিনসন কাভানি ও রাদামেল ফ্যালকাও। আলো ঝলমলে মঞ্চটা তাই সাজানোই। অপেক্ষা শুধু পর্দা ওঠার। সেটিও উঠে যাচ্ছে আগামী পরশুই, মঁপেলিয়ে-পিএসজি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফ্রেঞ্চ লিগ। পিএসজি গত লিগটা যেভাবে হেসেখেলে জিতেছিল, এবার তার পুনরাবৃত্তি করাটা কঠিনই হবে। ‘মোনাকো বিপ্লবে’ যে টালমাটাল ফরাসি ফুটবল! দুই মৌসুম আগেই অবনমিত হওয়া ক্লাবটিই এবার খরচ করেছে ১৫ কোটি ইউরো! এক ফ্যালকাওকেই কিনেছে ছয় কোটি ইউরো দিয়ে। সবই অবশ্য রাশিয়ান ধনকুবের দিমিত্রি রিবোলোভলেভের অর্থানুকূল্যে। ক্লদিও রানিয়েরির মোনাকো তাই এবার পিএসজিকে শক্ত চ্যালেঞ্জই ছুড়ে দিতে পারে। রানিয়েরি অবশ্য ‘নতুন শুরু’র সীমাবদ্ধতাটা ভালোই জানেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বীরা অনেক এগিয়ে গেছে। কারণ, আমরা একেবারে নতুন করে শুরু করছি। কাজটা সহজ হবে না, কারণ আমাদের দলটা আমূল বদলে ফেলতে হয়েছে। আমাদের এখন আবার নতুন একটা দল, একটা সত্ত্বা, একটা ইতিহাস গড়তে হবে। সেটা রাতারাতি সম্ভব নয়।’ রানিয়েরি বাস্তববাদীই। গত মৌসুমে প্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জিতেছিল পিএসজি। শক্তির বিচারে প্যারিসের ক্লাবটি আগের চেয়েও এবার এগিয়ে। পেট্রো ডলারের জাদুতে ছয় কোটি ৪০ লাখ ইউরোর বিনিময়ে কাভানি আসার পর আক্রমণের ধারও বেড়েছে। কিন্তু তার পরও ঠিক স্বস্তিতে নেই পিএসজি। ১৯ বছর পর তাদের শিরোপা এনে দিয়েছিলেন যিনি, সেই কার্লো আনচেলত্তিকেই যে হারিয়ে ফেলতে হয়েছে! এই মৌসুমেই রিয়াল মাদ্রিদকে নতুন ঠিকানা করেছেন আনচেলত্তি। লঁরা ব্লাঁ হয়েছেন তাঁর উত্তরসূরি। কিন্তু ব্লাঁর যোগ্যতা নিয়ে খোদ ফ্রান্সেই আছে সংশয়। তার ওপর থাকছেন না আরেক নেপথ্য কারিগর স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। রেফারিকে ধাক্কা মেরে ১৩ মাস নিষিদ্ধ হয়েছিলেন এই ব্রাজিলিয়ান। সেই বিতর্কের জের ধরেই পিএসজি ছেড়েছেন। তার পরও কাগজে-কলমের হিসাবে ফেবারিট পিএসজিই। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফ্রেঞ্চ সুপারকাপ জিতে সেটির প্রমাণও রেখেছে তারা। গত মৌসুমে পিএসজির সাফল্যের বড় রূপকার ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কাভানির সঙ্গে তাঁর জুটিটি এবার প্রতিপক্ষ রক্ষণভাগে আতঙ্ক ছড়ানোর কথা। তবে সেটির পূর্বশর্ত, দুজনের মিলেমিশে খেলা। কাভানি আসছেন শুনে যে ইব্রা দল ছাড়ারই ঘোষণা দিয়ে বসেছিলেন। পিএসজি-মোনাকোর সঙ্গে শিরোপার দাবিদার হিসেবে আসতে পারত অলিম্পিক লিওঁর নামটাও। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা আটবার শিরোপা জিতে ফ্রেঞ্চ লিগকে এক ঘোড়ার রেস বানিয়ে ফেলেছিল লিওঁ। সেই লিওঁ এখন নিজেদের হারিয়ে খুঁজছে। গত মৌসুমে তৃতীয় হয়েছে বটে, কিন্তু শিরোপাদৌড় থেকে ছিটকে পড়েছিল আগেই। এবার তো লিগ শুরুর আগেই লিওঁর চেয়ারম্যান জাঁ মিশেল ওলাস পিএসজির শিরোপা জয়ের ৯৯.৯ শতাংশ সম্ভাবনা দেখে ফেলছেন! ফ্রেঞ্চ লিগের সফলতম দল কিন্তু পিএসজি, মোনাকো, মার্শেই বা লিওঁর কোনোটি নয়। সর্বোচ্চ ১০ বার লিগ ওয়ান জিতেছে সেঁত এতিয়েন! তাদের কথা নেই কেন? এই প্রশ্নের উত্তর, সেঁত এতিয়েনের সর্বশেষ সাফল্যটা সেই ১৯৮১ সালে! রয়টার্স, ওয়েবসাইট।