ফ্রেড: ব্রাজিলের সাফল্যের পথে বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের মূল ফরোয়ার্ড ফ্রেডের এমন ছন্দহীনতাই ব্রাজিলের শিরোপা জয়ের পথে অন্যতম বাঁধা
দলের মূল ফরোয়ার্ড ফ্রেডের এমন ছন্দহীনতাই ব্রাজিলের শিরোপা জয়ের পথে অন্যতম বাঁধা

ব্রাজিল বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছে ঠিকই, কিন্তু সমর্থকদের মন ভরাতে পারেনি। নেইমার ছাড়া সেলেসাওদের আক্রমণের তারকারা প্রায় সকলেরই নিষ্প্রভ। ব্যর্থতার এই মিছিলে সবচেয়ে ‘ধারাবাহিক’ ছিলেন মূল ফরোয়ার্ড ফ্রেড। আক্রমণভাগের মূল পরিকল্পনা যাকে কেন্দ্র করে, সেই ফ্রেডের এমন ছন্দহীনতাই এখন স্কলারির সবচেয়ে বড় দুশ্চিন্তা।


গত বছর ব্রাজিলের কনফেডারেশনস কাপ জয়ে প্রত্যক্ষ অবদান ছিল তাঁর। পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা তো হয়েছিলেনই, নেইমারের সৃষ্টি করা সুযোগগুলোও গোলবারের সামনে ঠিকঠাক কাজে লাগিয়েছিলেন ফ্রেড। কিন্তু বিশ্বকাপে এসে কনফেডারেশনস কাপের সেই ফর্মটা যেন হারিয়ে ফেলেছেন ফ্রেড। নেইমারের সঙ্গে লটাইয়ের সুতোটাও যেন গেছে কেটে। নেইমার গোল পাচ্ছেন, বানিয়েও দিচ্ছেন, কিন্তু মাঠে ফ্রেডের ‘কল্যাণে’ সেগুলোর একটিও পরিণতি পাচ্ছে না। ফ্রেডকে দেখে মনে হচ্ছে এক আনাড়ি খেলোয়াড়। বলের সঙ্গে মাথা ও পায়ের সংযোগ ঘটাতে নিতান্তই অপারগ।

‘নেইমারকে আটকাও’—ব্রাজিলকে ঠেকাতে এই মন্ত্রটি এখন খুবই জনপ্রিয় প্রতিপক্ষের কাছে। নেইমারের খেলার জায়গাটা বন্ধ করে দিলেই ব্রাজিল হয়ে পড়ছে অসহায়। ব্যাপারটা এমন হলে বড় প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলের কী হবে—এটা ভেবেই হয়রান কোচ স্কলারি।

ফ্রেড পড়েন ব্রাজিলের ৯ নম্বর জার্সি। রোনালদোর স্মৃতি-বিজরিত সেই জার্সি গায়ে দিয়ে এই স্ট্রাইকার কী করছেন, সেটাই এই মুহূর্তের মূল প্রশ্ন। সামাজিক যোগাযোগের মাধ্যমে তো বটেই সর্বত্রই চলছে ফ্রেডের সমালোচনা।

ফ্রেডকে নামিয়ে দাও, বসিয়ে রাখো—ব্রাজিলের খেলা শুরু হলে টুইটার-ফেসবুকে চলে এই হাহাকারই। আপাতত ফ্রেড যেন ছন্দে ফিরতে পারেন এখন শুধু এই প্রার্থনাই করতে পারেন ব্রাজিলের স্বপ্নতরীর নাবিক স্কলারি।