ইতিহাস, ঐতিহ্য, পরিসংখ্যান, কন্ডিশন, দলীয় শক্তি—সব দিক থেকেই এগিয়ে ব্রাজিল। আজ চিলির সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ব্রাজিল স্ট্রাইকার ফ্রেড কাজে লাগাতে চাইছেন আরেকটা ব্যাপারও—উচ্চতা তত্ত্ব। দলগত গড় উচ্চতার দিক থেকে চিলির খেলোয়াড়েরাই এই বিশ্বকাপের সবচেয়ে খর্বকায়। চিলির রক্ষণের তিন সেনানী ফ্রান্সিসকো সিলভা, গঞ্জালো হারা ও গ্যারি মেদেলের উচ্চতা যথাক্রমে ৫ ফুট ১০ ইিঞ্চ, ৫ ফুট ৯ ইঞ্চি ও ৫ ফুট ৭ ইঞ্চি। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার ফ্রেডের বিশ্বাস, এঁদের সঙ্গে বাতাসে উড়ে আসা বলের লড়াই করাটা তাঁদের জন্য সুবিধা হবে।
তেরেসোপোলিসে দলের অনুশীলনে প্রতিপক্ষের এ দুর্বলতা কাজে লাগানোর বিষয়ে সতীর্থদের সঙ্গে আলোচনাও করেছেন ফ্রেড, ‘আমি আমাদের সেন্টারব্যাক, উইঙ্গারদের বলেছি—তারা (চিলিয়ানরা) খাটো।’ ব্রাজিলের প্রত্যেকেই যে লম্বা তা নয়। নেইমারের উচ্চতা যেমন ৫ ফুট ৮ ইঞ্চির সামান্য বেশি। তবে একাধিক লম্বা খেলোয়াড়ও আছেন, যাঁদের মধ্যে িডফেন্ডার ডেভিড লুইজের উচ্চতা সবচেয়ে বেশি, ৬ ফুট ২ ইঞ্চি। অধিনায়ক থিয়াগো সিলভার উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। ঘটনা হলো লুইজ-সিলভার হেডে গোল করার খ্যাতি আছে। ফ্রি-কিক, কর্নার পেলেই তাঁদের খুঁজে পাওয়া যায় প্রতিপক্ষের রক্ষণে। আজও তার অন্যথা হবে না। কাজেই ব্রাজিলের ফ্রি-কিক, কর্নারের সময় ফ্রেডের সঙ্গে এই দুজনও যোগ দিলে বাতাসে তাঁদের আটকানোটা চিলির রক্ষণের জন্য কঠিনই হবে। ফ্রেডও এই ফায়দাটাই কাজে লাগাতে চাইছেন, ‘উচ্চতা বিবেচনায় ফ্রি-কিক আমাদের জন্য ভালো একটা অস্ত্র হবে।’
তবে ফ্রেড জানেন চিলিও ছেড়ে কথা বলবে না। বরাবরের মতো বল দখলে রাখার কৌশল দিয়ে চিলি ঠিকই তাঁদের চ্যালেঞ্জ জানাবে, ‘ট্যাকটিকসের দিক থেকে চিলি খুবই দক্ষ। আক্রমণভাগে তাদের ভালো কিছু খেলোয়াড় আছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে। সেটা তারা টুর্নামেন্টে এরই মধ্যে দেখিয়েছে। ব্রাজিলের সঙ্গেও আক্রমণ করার চেষ্টা তারা করবে।’ ওয়েবসাইট।