ফ্রেডের বিদায়, যাচ্ছেন স্কলারিও
এস্তাদিও মিনেইরাওয়ের সেই ম্যাচটা যেন এলোমেলো করে দিয়েছে ব্রাজিলের সবকিছু। জার্মানির কাছে ৭-১ গোলের হারটা এসেছে ব্রাজিলিয়ান ফুটবলে স্মরণকালের সবচেয়ে বড় ধাক্কা হয়ে। খেসারত দিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড, ব্রাজিল কোচ হিসেবে বিদায়ঘণ্টা বেজে গেছে লুইস ফেলিপে স্কলারিরও।
ক্যামেরুনের বিপক্ষে একটি গোল ছাড়া পুরো টুর্নামেন্টেই সুপার ফ্লপ ফ্রেড। যে প্রত্যাশা ছিল তাঁর ওপর, তার ধারেকাছেও যেতে পারেননি তিনি। হতাশ ব্রাজিলিয়ান স্ট্রাইকার তাই বিশ্বকাপ শেষ না হতেই বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ফুটবলকে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হল্যান্ডের কাছে ৩-০ গোলে হারার পর ‘বিগ ফিলে’র বিদায়ও এখন শুধু সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ব্রাজিলের গ্লোবো টিভি জানিয়েছে, এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন লুইস ফেলিপে স্কলারি। দেশটির বার্তা সংস্থা ইউওএল অবশ্য জানিয়েছে, পদত্যাগ নয়, সিবিএফ তাঁকে বরখাস্তই করেছে। বিবিসি, গার্ডিয়ান।