ফ্রেসার-প্রিস দ্রুততম মানবী
আরও চার বছরের জন্য বিশ্বের দ্রুততম মানবীর স্থান নিজের করে রাখলেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেসার-প্রিস। মেয়েদের ১০০ মিটার দৌড়ে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার ধরে রাখার পথে তাঁর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের কারমেলিটা জেটার। কারমেলিটাকে ফ্রেসার-প্রিস পেছনে ফেলেছেন মাত্র ০.০৩ সেকেন্ড ব্যবধানে। শেলি-অ্যান ফ্রেসার-প্রিস ১০.৭৫ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করেন। কারমেলিটার টাইমিং ছিল ১০.৭৯ সেকেন্ড।অলিম্পিক অ্যাথলেটিকসের অন্যতম এই মর্যাদার লড়াইয়ে ব্রোঞ্জ জিতেছেন জ্যামাইকার আরেক অ্যাথলেট ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন। তিনি সময় নিয়েছেন ১০.৮১ সেকেন্ড। এই ইভেন্টে সোনা ও ব্রোঞ্জ জিতে ক্যারিবীয় দেশ জ্যামাইকা প্রমাণ করল অ্যাথলেটিকসের এই মর্যাদাপূর্ণ লড়াইয়ে তারাই এই মুহূর্তে বিশ্বসেরা। আজ পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের লড়াইয়ে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট ট্র্যাকে নামবেন। তাঁর সঙ্গে আছেন জ্যামাইকারই ইয়োহার ব্লেক। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টেও একাধিক পদকের স্বপ্ন দেখছে জ্যামাইকা। তবে পদকের চেয়েও এই লড়াইয়ের মূল আকর্ষণ দুই জ্যামাইকান ইয়োহান ব্লেক ও উসাইন বোল্টের লড়াই। এই তীব্র লড়াইয়ে শেষ হাসিটা হাসেন কোন জ্যামাইকান—এটা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্র জেটারের মাধ্যমে স্বপ্ন দেখেছিল মেয়েদের ১০০ মিটার দৌড়ের সোনার পদকটি নিজেদের করে নিতে। গত ১৬ বছর এই ইভেন্টে খরা যাচ্ছে যুক্তরাষ্ট্রের। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে শেষবারের মতো কোনো মার্কিন অ্যাথলেট সোনার পদক জিতেছিলেন ১৬ বছর আগে। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে যুক্তরাষ্ট্রের গেইল ডেভার্স শেষবারের মতো এই ইভেন্টে জিতেছিলেন সোনার পদক।তবে মেয়েদের ১০০ মিটার দৌড়ের সেরা টাইমিংটা এখনো রয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রয়াত অ্যাথলেট ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের দখলে। গ্রিফিথ জয়নারের টাইমিংকে অতিক্রম করে যেতে আরও একবার ব্যর্থ হলেন ১০০ মিটার স্প্রিন্টের কোনো দ্রুতগামী মানবী। রয়টার্স।