ফ্র্যাঙ্কলিনকে আরেক স্বপ্নের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসি ফ্র্যাঙ্কলিন: হাঁটছেন সোনা শিকারের স্বপ্নিল পথেই
মিসি ফ্র্যাঙ্কলিন: হাঁটছেন সোনা শিকারের স্বপ্নিল পথেই

পরশু আরেকটি সোনা জিতলেন মিসি ফ্র্যাঙ্কলিন। এটি ৪–২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। এ নিয়ে বার্সেলোনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চারে চার হয়ে গেছে তাঁর। আরেকটি সোনা জিতলেই যুক্তরাষ্ট্রের ‘বিস্ময় বালিকা’ ছুঁয়ে ফেলতে পারতেন এক বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ পাঁচ সোনা জয়ের রেকর্ড। যে কীর্তি আছে শুধু দুজনের। ১৯৭৮ সালে ফ্র্যাঙ্কলিনেরই স্বদেশি ট্রেসি ককিন্স প্রথম মহিলা সাঁতারু হিসেবে পাঁচ সোনা জিতেছিলেন এক আসরে। ২০০৭ সালে তাতে ভাগ বসান অস্ট্রেলিয়ার লিবি ট্রিকেট। কাল সুযোগটা এসেছিল ফ্র্যাঙ্কলিনেরও। কিন্তু নিজেকে হতাশায় ডুবিয়ে ১০০ মিটার ফ্রিস্টাইলে কোনো পদকই জিততে পারেননি। হয়েছেন চতুর্থ। এই ইভেন্টে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কেট ক্যাম্পবেল।
ককিন্স-ট্রিকেটের পাশে নাম লেখানো বা তাঁদের টপকে নতুন রেকর্ড গড়ার সুযোগ অবশ্য শেষ হয়ে যাচ্ছে না ফ্র্যাঙ্কলিনের। আরও দুটি ইভেন্ট বাকি তাঁর। তবে ককিন্স-ট্রিকেটের রেকর্ড নয়, ফ্র্যাঙ্কলিন বার্সেলোনায় এসেছিলেন আরও বড় লক্ষ্য নিয়ে—ভাগ বসাতে চেয়েছিলেন কিংবদন্তি ফেল্পেসর এক টুর্নামেন্টে সর্বোচ্চ আট সোনা জয়ের অনন্য কীর্তিতে। ২০০৮ বেইজিং অলিম্পিকে আট ইভেন্টের সবগুলোতেই সোনা জিতেছিলেন ফেল্প্স।
কিন্তু গত বুধবার এই মার্কিন অষ্টাদশী নিজেই স্বপ্নটাকে মেরেছেন সূচিজটের কারণে! বুধবারই ছিল তাঁর ২০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনাল। আর এর আগে ছিল ৫০ মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনাল। কয়েক মুহূর্তের ব্যবধানে দুবার পুলে নেমে প্রত্যাশিত ফল পাওয়া মহাকঠিন। তাই ৫০ মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।
এতে আফসোস হয়তো আছে। তবে কোচ, সতীর্থ আর নিজের মনের সঙ্গে যুঝেই সিদ্ধান্তটা নিয়েছেন বলে কষ্টের মাত্রাটা কমে যাওয়ারই কথা। পরশু ফ্র্যাঙ্কলিনের সঙ্গে সোনার উৎসব করেছেন তাঁর স্বদেশি রায়ান লোকিট, অস্ট্রেলিয়ার জেমস ম্যাগনুসেন, চীনের বিশ্ব রেকর্ডধারী লিউ জিগে, জাও জিং। এর মধ্যে ফেল্্পেসর পর যাঁকে মনে করা হচ্ছিল সাঁতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন, সেই লোকিট জিতেছেন বার্সেলোনায় প্রথম সোনা, পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। ১০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বসেরার মুকুট ধরে রাখা ম্যাগনুসেন নিয়েছেন অলিম্পিকে হারের প্রতিশোধও। লন্ডন অলিম্পিকে তাঁকে পেছনে ফেলে সোনা জেতা যুক্তরাষ্ট্রের নাথান আদ্রিয়ান পেয়েছেন ব্রোঞ্জ। লিউ জিতেছেন ২০০ মিটার বাটারফ্লাইয়ে। আরেক বিশ্ব রেকর্ডধারী জিং জিতেছেন ৫০ মিটার ব্যাকস্ট্রোকে। এএফপি।