ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জাতীয় লিগে প্রাইমের পর ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংকের পর এবার ওয়ালটন পরিবারকেও পাশে পেল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জাতীয় লিগ। নতুন মোড়কের আসন্ন জাতীয় লিগে ঢাকা বিভাগীয় দলের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে আরবি গ্রুপের প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল বিসিবির সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি সই করেছে তারা।ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ সব ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে প্রতিবছর ৫০ লাখ টাকা করে নেবে বিসিবি। তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জাতীয় লিগের শুরুতেই বেধেছে বিপত্তি। ১৪ অক্টোবর থেকে লিগ শুরুর কথা থাকলেও সেটি হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না এখনো। দলের সংখ্যাও আট থেকে নেমে এসেছে ছয়ে।কাল ওয়ালটনের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন আভাস দিলেন, ‘এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে হয়তো ১৪ তারিখ থেকে লিগ শুরু করা কঠিন হবে। তবে ১০ অক্টোবর জাতীয় লিগের গভর্নিং কাউন্সিলের সভায় সব বিষয়েই সিদ্ধান্ত হবে।’ বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনামকে প্রধান করে গঠিত গভর্নিং কাউন্সিলে আরও আছেন বিসিবি পরিচালক দেওয়ান শফিউল আরেফিন, এনায়েত হোসেন, জি এস হাসান চৌধুরী ও গাজী আশরাফ হোসেন। আছেন অংশগ্রহণকারী প্রতিটি বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রতিটি ফ্র্যাঞ্চাইজি থেকে একজন করে প্রতিনিধিও।১৪ অক্টোবর থেকে শুরু করা না গেলেও ঈদুল আজহার আগেই জাতীয় লিগের অন্তত একটা রাউন্ড শেষ করার ইচ্ছা গভর্নিং কাউন্সিলের। সে ক্ষেত্রে আগামী ২০-২১ তারিখে শুরু হতে পারে লিগ। লিগে দলসংখ্যা এবার কমছে। শেষ পর্যন্ত রংপুর আর ঢাকা মহানগর দলকে বাদ দিয়ে আগের ৬ বিভাগীয় দল নিয়েই হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জাতীয় লিগের প্রথম আসর।কাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গাজী আশরাফ হোসেন ছাড়াও বিসিবির পক্ষে ছিলেন মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন পিআরও মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর। গাজী আশরাফ হোসেন আশাবাদী, শিগগিরই বাকি চারটি দলের ফ্র্যাঞ্চাইজির নামও তাঁরা ঘোষণা করতে পারবেন।