ফ্লাইং ডাচম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাতাসে ভেসে অবিশ্বাস্য এক হেডে বল স্পেনের জালে জড়ালেন ডাচ অধিনায়ক রবিন ফন পার্সি৷ আর তাতেই যেন লেখা হয়ে গিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের সর্বনাশ l এএফপি
বাতাসে ভেসে অবিশ্বাস্য এক হেডে বল স্পেনের জালে জড়ালেন ডাচ অধিনায়ক রবিন ফন পার্সি৷ আর তাতেই যেন লেখা হয়ে গিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের সর্বনাশ l এএফপি

কারও কাছে স্বপ্ন সত্যি হলো, কারও কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু৷ কেউ আবার বিশ্বাসই করতে পারছেন না৷ মনে অবিশ্বাস্য সব অনুভূতির দোলা৷ ভালো লাগার তীব্রতায় ভাষা হারিয়ে ফেলছেন কেউ কেউ৷ বিশ্ব চ্যাম্পিয়নদের ধুলোয় মিশিয়ে যেন উড়ছে ডাচরা!
দল যখন পিছিয়ে ০-১ গোলে, গত বিশ্বকাপের ফাইনাল যখন ফিরে আসছিল সালভাদরে, ডাচদের ওড়ার সাহস দেখিয়েছেন উড়ন্ত রবিন ফন ফার্সি৷ ডেলি ব্লাইন্ডের অসাধারণ এক ক্রসে শূন্যে ভেসে ফন পার্সির দুর্দান্ত এক হেড, হতভম্ব ইকার ক্যাসিয়াসের মাথার ওপর দিয়ে বল জালে৷ অধিনায়কের সমতা ফেরানো সেই গোলেই যেন ডানা মেলার দুঃসাহস পায় ডাচরা৷ এরপর দ্বিতীয়ার্ধে যা হলো, পুরো ফুটবল বিশ্ব যেটার ব্যাখ্যা খুঁজবে হয়তো অনেক দিন৷ ম্যাচ শেষে ব্যাখ্যা খুঁজে পাননি স্বয়ং ফন পার্সিও, ‘এটা অবিশ্বাস্য, ব্যাখ্যাতীত৷ আমাদের কাছে এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো৷ অবশ্যই আমরা প্রাণ খুলে উদ্যাপন করব এই জয়, উদ্যাপন করা উচিত হল্যান্ডের প্রতিটি মানুষেরই৷’
ইকার ক্যাসিয়াসের ভুলকে কাজে লাগিয়ে পরে আরেকটি গোল করেছেন ফন পার্সি৷ তবে প্রথম গোলটিকে বলছেন ‘ক্যারিয়ারের সেরা গোল’৷ গোলটি করেই ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ছুটে গেছেন ডাগ আউটে, ‘হাই ফাইভ’ করেছেন কোচের সঙ্গে৷ মাঠের নায়ক জয়টি উৎসর্গ করেছেন নেপথ্য কারিগরকে, ‘এই জয়ের বড় কৃতিত্ব কোচের৷ তিনিই আমাদের দারুণভাবে তৈরি করে দিয়েছেন৷ ট্যাকটিকস ঠিক করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন ম্যাচটি কোন পথে এগোবে৷’
সেই নেপথ্য নায়ক, লুই ফন গাল নিজেও কিন্তু দারুণ চমকে গেছেন শিষ্যদের এমন কীর্তিতে, ‘আমি ভাবতেও পারিনি এমন কিছু৷ পেনাল্টি গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর চিন্তাও করতে পারিনি এমন কিছু৷ ভাবছিলাম প্রথমার্ধে যদি পিছিয়েই থাকি, তাহলে দ্বিতীয়ার্ধে ৪-৩-৩ খেলব৷ কিন্তু রবিন অসাধারণ ওই গোলটি করল৷ এরপর তো সবকিছু কল্পনাকেও ছাড়িয়ে গেল৷ ৬-১ গোলেও জিততে পারতাম আমরা, কিংবা আরও বেশি গোলে৷ ’
ম্যাচটির সবচেয়ে বড় বিস্ময় হয়তো ফন গালের ওই লাইনেই৷ ৫ ডিফেন্ডার নিয়ে একাদশ সাজিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের জালে ৫ বার গোল দিয়েছে হল্যান্ড৷ কিন্তু ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, গোল হতে পারত আরও বেশি! ভাবতেই যেন সব গুলিয়ে ফেলছিলেন ফন পার্সি, ‘ওদের ৫ গোল দিতে পরতাম আমরা...ওহ, ৫টি তো দিয়েছিই৷ দিতে পারতাম ৬, ৭ এমনকি ৮ গোলও!’
৭-৮ গোল সত্যিই হতে পারত, যেমন হতে পারত আরিয়েন রোবেনের হ্যাটট্রিক বা চার গোল! তবে যা করেছেন, সেটাই বা কম কী! বায়ার্ন উইঙ্গারের পা থেকে এসেছে দারুণ দুটি গোল৷ তবে মুদ্রার সব পিঠ দেখা আছে বলেই হয়তো বাঁধভাঙা এই আনন্দের জোয়ারে খানিকটা বাঁধ দিতে চাইলেন অভিজ্ঞ উইঙ্গার, ‘খুবই খুশি আমরা, তরুণ এই দলটি নিয়ে আমি দারুণ গর্বিত৷ তবে আমি এটাকে মোটেও গত বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ বলব না৷ মাত্রই শুরু হলো আমাদের বিশ্বকাপ, মাথা ঠান্ডা আর মাটিতে পা রেখে কঠোর পরিশ্রম করে যেতে হবে৷’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট৷