ফ্লাওয়ারের উত্তরসূরি জাইলস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। এই জিম্বাবুইয়ানের সম্ভাব্য উত্তরসূরিও একরকম নিশ্চিত। ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট কোচ অ্যাশলি জাইলসই হয়তো পাচ্ছেন প্রধান কোচ বা ক্রিকেট পরিচালকের দায়িত্ব। ইসিবির সভাপতি জাইলস ক্লার্ক নিজেই বলেছেন, অ্যাশলি জাইলসই হতে পারেন ফ্লাওয়ারের উত্তরসূরি।
অর্থাৎ টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেরই কোচ হচ্ছেন জাইলস। অস্ট্রেলিয়ায় এখন টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড, দলের সঙ্গে আছেন জাইলস। ইসিবি সভাপতি ক্লার্ক গতকাল ইঙ্গিতটা দিলেন মেলবোর্নেই, ‘আমরা সবাই একমত, সে খুবই জোরালো একজন প্রার্থী। মানুষ এবং কোচ হিসেবে তার সততা ও সামর্থ্যের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে। সে ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলে সম্মান অর্জন করেছে।’
জাইলস ইংল্যান্ডের হয়ে ৫৪টি টেস্ট ও ৬২টি ওয়ানডে খেলেছেন। বাঁহাতি স্পিনে টেস্টে ১৪৩ ও ওয়ানডেতে ৫৫টি উইকেট নিয়েছেন। ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার আরও সমৃদ্ধ। ১৭৮টি প্রথম শ্রেণীর ম্যাচের পাশাপাশি লিস্ট-এ ম্যাচ খেলেছেন ২২৪টি। ২০০৮ সালে ইংল্যান্ডের নির্বাচক কমিটিতে যোগ দেওয়া জাইলস ফ্লাওয়ারের কাছ থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পান ২০১২ সালের নভেম্বরে; ফ্লাওয়ারের পছন্দের প্রার্থী হিসেবেই। এক বছর যেতেই সেই জাইলস পেতে যাচ্ছেন ফ্লাওয়ারের পুরো দায়িত্ব। কোচের পদ থেকে সরে গেলেও ফ্লাওয়ার থাকছেন ইংল্যান্ডের ক্রিকেটের সঙ্গেই। আর দায়িত্ব পেলেও মার্চে ৪১-এ পা দেওয়া জাইলসকে প্রথম টেস্ট সিরিজের জন্য অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। ইংল্যান্ডের পরের টেস্ট সিরিজ মে-জুনে শ্রীলঙ্কার বিপক্ষে, নিজেদের মাটিতে। এএফপি।