ফ্লাওয়ারের দাবি, ঠিকই করেছেন
আম্পায়ার আউট দেওয়ার পর অধিনায়ক প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ফিরিয়ে এনেছেন—এমন উদাহরণ একদমই বিরল নয়। তবে একটা দিক থেকে হয়তো ইতিহাসই গড়ে ফেলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার ও অ্যান্ড্রু স্ট্রাউস। প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে আবেদন তুলে নেওয়ার অনুরোধ আর কখনো হয়েছে কি না সন্দেহ! খুব উচ্চবাচ্য না হলেও ফিসফাস কিন্তু চলছে, কাজটি কি ঠিক করেছেন ইংল্যান্ডের কোচ ও অধিনায়ক! ফিসফাস থামাতে মুখ খুললেন ফ্লাওয়ার, জানালেন যুক্তিসংগত কাজই করেছেন তাঁরা।ইংলিশদের বহু আলোচিত এই পদক্ষেপের পেছনে ফ্লাওয়ারের যুক্তি, ‘আমার মনে হয়, ড্রেসিংরুমে বসে নিজেরা ফুঁসতে থাকলে ভালো কিছু হবে না। এ ধরনের যোগাযোগে বরং কাজ হতে পারে। আমাদের মনে হয়েছে, বেল রান নিতে দৌড়ায়নি, এ জন্যই আমরা আবেদন তুলে নেওয়ার অনুরোধ করতে গিয়েছিলাম।’ইংল্যান্ড কোচ দেখিয়ে দিয়েছেন মুদ্রার আরেকটা পিঠও, ‘টেন্ডুলকারের বিপক্ষে মুম্বাইয়ে ইংল্যান্ড দল যদি এমন কিছু করত, তাহলে হয়তো সেটা আন্তর্জাতিক ঘটনায় পরিণত হতো। আমার মনে হয় না, এটা অতি নাটকীয় কিছু হয়েছে। আগেও এমন হয়েছে। পরিস্থিতির মূল্যায়ন করতে গেলে আমার মনে হয় কারও দ্বৈতনীতি থাকা উচিত নয়।’টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে দুই টেস্টেই বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। তবে এখনই উচ্ছ্বাসে গা ভাসাতে নারাজ ফ্লাওয়ার। স্বপ্নের ১ নম্বরে উঠতে প্রয়োজন আর একটি জয়। ৪৩ বছর বয়সী সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক তাই সতর্ক, ‘হয়তো আমরা এগিয়ে আছি, কিন্তু মনে রাখতে হবে সিরিজের অর্ধেক কেবল পেরিয়েছে। এখনই উচ্ছ্বাসের কিছু নেই। সিরিজ জয়টাই তো এখনো নিশ্চিত হয়নি। টানা দুটো টেস্টের পর বিশ্রামটা এখন জরুরি। এরপর এজবাস্টন চ্যালেঞ্জের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে হবে।’ভারতের মতো না হলেও ছোটখাটো একটা চোট সমস্যা আছে ইংল্যান্ডেরও। ট্রেন্টব্রিজ টেস্টে ফিল্ডিংয়ের সময় হাতে আঘাত পাওয়া জোনাথন ট্রট এখনো শতভাগ ফিট নন। তবে সময় যথেষ্ট আছে, আশা করা হচ্ছে ফিট হয়ে উঠবেন এই ব্যাটসম্যান। ওয়েবসাইট।