ফ্লাওয়ারের বিশ্বকাপ-দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ আর ওয়ানডে অভিষেক একই সঙ্গে! ১৯৯২ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটা হয়তো কখনোই ভুলবেন না অ্যান্ডি ফ্লাওয়ার। অভিষেক ম্যাচ এমনিতেই সবার হূদয়ে আলাদা জায়গা জুড়ে থাকে। ‘বড়’ ফ্লাওয়ার আরও বেশি করে মনে রাখবেন। অভিষেকেই যে আনন্দ-বেদনার মিশেলে অদ্ভুত এক অনুভূতি পেতে হয়েছিল তাঁকে! নিউপ্লাইমাউথের সেই ম্যাচে আদ্যন্ত ব্যাট করে ১১৫ রান করেছিলেন ফ্লাওয়ার, কিন্তু ৩১২ রান করেও হেরেছিল দল। শেষের অনুভূতিটাও এমন মিশ্র। ২০০৩ সালে নিজ দেশের বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত করলেন। কিন্তু রাজনীতি, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে কালো আর্মব্যান্ড পরা—সব মিলিয়ে বিদায় নিতে হলো বিশ্বকাপ শেষেই। ফ্লাওয়ারের কষ্ট আরও বাড়াবে বিশ্বকাপের একটি রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ হারা ক্রিকেটার যে তিনিই! চারটি বিশ্বকাপে মোট ২০টি ম্যাচে নিজ দলকে হারতে দেখেছেন ফ্লাওয়ার। ১৮টি করে ম্যাচ হারার অভিজ্ঞতা আছে মোট চারজনের, ফ্লাওয়ারের মতো দুই জিম্বাবুইয়ান অ্যান্ডি পাইক্রফট ও ডেভিড হটন যেমন আছেন, তেমনি আছেন একসময়ের ‘মিনোজ’ শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা ও অর্জুনা রানাতুঙ্গা।