ফ্লাড লাইট ভক্ত কুক
ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক মনে করেন, ফ্লাড লাইটে টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হলে তা ক্রিকেটের জন্যই ভালো হবে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের শেষ দিনে এই ফ্লাড লাইটের কল্যাণেই ৫ উইকেটের জয় পায় ইংল্যান্ড। আর এই নতুন দৃষ্টান্তটা পুরো ক্রিকেটবিশ্বকেই নতুনভাবে ভাবাতে পারে বলে মনে করছেন এই ইংলিশ ওপেনার।লর্ডস টেস্টের বেশির ভাগ সময়ই ফ্লাডলাইটের আলো জ্বেলে রাখা হয়েছিল। বিশেষত চতুর্থ দিনে প্রায় পুরো সময়টাই ছিল এই ফ্লাডলাইটের আলো। আর এটাই ইংল্যান্ডের জয়ের পক্ষে বড় একটা ভূমিকা পালন করেছে বলে মনে করেন কুক। তিনি বলেছেন, ‘আমরা ফ্লাডলাইটের আলো ছাড়া হয়তো এই ম্যাচটা জিততে পারতাম না। আমার মনে হয় যে চতুর্থ দিনটা একটা আদর্শ উদাহরণ যে, কেন টেস্ট ক্রিকেটে ফ্লাডলাইট ব্যবহার করা উচিত। এ ছাড়া আমরা হয়তো সেদিন ৩০ বা ৪০ ওভারের বেশি খেলতে পারতাম না। কিন্তু আমরা প্রায় পুরো ওভারই খেলতে পেরেছি।’দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠানের ক্ষেত্রে প্রধান বাধা হতে পারে যখন দিনের আলো একেবারেই কমে আসে আর ফ্লাডলাইটও পুরোপুরি কার্যক্ষম হতে যে সময় নেয়, সেই সময়টুকু। তবে এটাও খুব বড় বাধা বলে মনে করছেন না কুক। তাঁর মতে, ‘কিছু সময় এটা আপনার চাহিদার বিপরীতে কাজ করতে পারে। এটা এখনকার ফরম্যাটেও হতে পারে। যেমন যখন দিনের শেষ ১৫-২০ মিনিটে আলো খুব কম থাকে, তখনো আপনাকে এটার মোকাবিলা করতেই হয়। আমার মনে হয়, দর্শক ও বিনোদনের কথা মাথায় রেখে আমাদের এটা চালু করা উচিত। আমরা হয়তো কিছু সময় আদর্শ আলোটা পাব না কিন্তু সেটা অন্যান্য ক্ষেত্রেও ঘটতে পারে। আমার মনে হয় এটা সামগ্রিক ক্রিকেটের জন্যই অনেক ভালো হবে।’দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের কথাটা চলছে বেশ কিছুদিন ধরেই। রাতে ফ্লাডলাইটের আলোয় বেগুনি রঙের বল ব্যবহারের কথাও বিবেচনা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মাঠে বাস্তবায়িত করা যায়নি এই পরিকল্পনাটি।