ফ্লাডলাইট ও অ্যাস্ট্রো টার্ফ আসছেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারিতে ঢাকায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের হকির উন্নয়নে সাহায্য করবেন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে প্রতিশ্রুতিমতো ফ্লাডলাইট এবং ভর্তুকিমূল্যে দুটি অ্যাস্ট্রো টার্ফ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। কাল ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহকে টেলিফোনে খবরটা জানান এই স্প্যানিয়ার্ড হকি সংগঠক। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের জন্য এরই মধ্যে একজন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে এফআইএইচ।মার্কিন কোম্পানি মুসকো লাইটিংয়ের প্রকল্প ব্যবস্থাপক ডেভিড হার্ভে ঢাকা আসবেন ২৫ মার্চ। তবে অ্যাস্ট্রো টার্ফের জরিপের জন্য মি. স্টেফানির ঢাকা আসার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।স্টেডিয়ামে ফ্লাডলাইট বসাতে কেমন খরচ হবে—জানতে চেয়েছেন হার্ভে। গুগল ম্যাপের সাহায্যে মওলানা ভাসানী স্টেডিয়ামের একটি প্রাথমিক ধারণা নিয়েছেন তিনি। মাঠের দুই গোলবারের পেছনের ফাঁকা জায়গাটার ব্যাপারেও জানতে চেয়েছেন। জানতে চেয়েছেন, পুরো মাঠেই ফ্লাডলাইটের আলো পড়বে, নাকি শুধু খেলার জায়গায় আলো দেওয়া হবে। বাজেট সম্পর্কে ধারণাও দিতে হবে। কিন্তু এই বাজেট নিয়েই ধোঁয়াশার মধ্যে আছে ফেডারেশন। সাধারণ সম্পাদক রহমতউল্লাহ কাল জানান, ‘এফআইএইচ, না বাংলাদেশ ফ্লাডলাইটের অর্থায়ন করবে—তা এখনো ঠিক হয়নি। তবে দুটি অ্যাস্ট্রো টার্ফের জন্য এক লাখ ডলার চেয়েছেন নেগ্রে।’ টার্ফ দুটির বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই লাখ ডলার। তবে এখনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারছেন না রহমতউল্লাহ, ‘আগে আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরই জানাতে পারব টার্ফ দুটি পাচ্ছি কি না। আমরা অবশ্য বিনা মূল্যেই টার্ফ দুটি নেওয়ার চেষ্টা করছি।’এফআইএইচের ডেভেলপমেন্ট কমিটির আরও কিছু অনুদান পড়ে আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ৫০০ হকিস্টিক, ২০০ বল ও দুটি গোলরক্ষণ সেট বিনা শুল্কে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই সরঞ্জামগুলো আপাতত দেশের বিভিন্ন জেলা ও স্কুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।