ফ্লাডলাইট প্রহসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে অনেকেই টিভির পর্দায় চোখ রাখতে পারেনি। কাল সকালেই হয়তো রিয়াল মাদ্রিদ-রায়ো ভায়েকানো ম্যাচের ফলটা খুঁজে বেড়িয়েছেন সংবাদমাধ্যমে। কিন্তু কোথাও ওটা পাননি। পাবেন কী করে? খেলাটাই যে হয়নি! দুই দলই মাঠে এসেছিল। কিন্তু খেলা হলো না। অযাচিত দুর্ঘটনা নয়, কারণটা একটু অদ্ভুত। কয়েকজন দুষ্কৃতকারী ভায়েকানো স্টেডিয়ামের ফ্লাডলাইটের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। সেটার জন্যই আধো আলো আধো অন্ধকারে ডুবে গিয়েছিল গোটা স্টেডিয়াম। এর মধ্যে কর্মীদের এনে খুব দ্রুত মেরামত করারও চেষ্টা করা হয়। তবে তাতে কাজ না হওয়ায় ম্যাচটা পরিত্যক্তই ঘোষণা করা হয়। হতাশ মনে ফিরে যেতে হয় রোনালদো, রামোস, ক্যাসিয়াসদের। এমনিতেই অর্থনৈতিক সংকটে জর্জরিত লা লিগার দলগুলো, তার ওপর এমন অন্তর্ঘাতমূলক কাজ সামগ্রিক ব্যবস্থাপনার ত্রুটি দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে। স্প্যানিশ গণমাধ্যমও বেজায় চটেছে, ক্লাবগুলোকেও নিয়েছে একহাত। সবকিছু ঠিকঠাক থাকলে গতকাল রাতেই (বাংলাদেশ সময় রাত পৌনে ১২টা) ম্যাচটা হয়ে যাওয়ার কথা। লা লিগার অন্য ম্যাচগুলো ঠিকই মাঠে গড়িয়েছে পরশু। ফ্যালকাও আবারও গোল করে তাঁর দল অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে জিতিয়েছেন ভ্যালাদোলিদের বিপক্ষে। এএফপি।