ফ্লিপকেনস: টেনিস রূপকথার রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারস্টেন ফ্লিপকেনসে
কারস্টেন ফ্লিপকেনসে

কারস্টেন ফ্লিপকেনসের বেঁচে থাকা নিয়েই নাকি সংশয় দেখা দিয়েছিল। দুই পায়ের কাফ মাসলে রক্ত জমাট বেঁধে শারীরিক দিক দিয়ে প্রায় অক্ষমতার দিকেই হেঁটে গিয়েছিলেন নারী টেনিসের এই বেলজিয়ান সেনসেশন। আর সেই ফ্লিপকেনসই কিনা উইম্বলডনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতা আর মানসিক শক্তির অপরূপ মিশেল ঘটিয়ে। এই তো গত বছরের উইম্বলডনের সময় তাঁর র্যাঙ্কিং ছিল ২৬২। তাঁর অবস্থান এতটাই করুণ ছিল যে উইম্বলডনে খেলারই ছাড়পত্র তিনি পাননি। সারা বিশ্ব যখন উইম্বলডনে বুঁদ হয়ে আছে, তখন তিনি খেলছেন ভার্জিনিয়ার এক ক্লে কোর্ট টুর্নামেন্টে। সেই ২৬২ নম্বরই মাত্র ১২ মাসের মধ্যে নিজেকে তুলে এনেছেন ২০ নম্বরে। তাঁর বাকি গল্পটা তো প্রায় রূপকথাই। কোয়ার্টার ফাইনালে ২০১১ সালের চ্যাম্পিয়ন কিভিতোভাকে ছিটকে দিয়ে তিনি এখন সেই রূপকথারই রানি। শারীরিক অসুস্থতা ও ফর্ম হারিয়ে ফেলায় একটা সময় তিনি বেলজিয়াম টেনিস ফেডারেশনের যাবতীয় আর্থিক সহায়তা থেকে বঞ্চিত ছিলেন। পায়ের কাফ মাসলের চিকিত্সাটা করাতে হয়েছে একেবারে নিজের পয়সায়। সেই চিকিত্সার ধকলটা তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে প্রায় অচল করে দিয়েছিল বলে জানিয়েছেন তিনি নিজেই, ‘চিকিত্সাটা যদিও সফল হয়েছে, কিন্তু এর খরচ জোগাতে আমি ব্যক্তিগত ও পারিবারিকভাবে প্রায় ফতুর হয়ে গেছি। শেষ হয়ে গেছে আমার অর্জন প্রাইজমানির সবটাই।’ এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া ফ্লিপকেনসের সামনে কীভাবে উইম্বলডন জয়ের স্বপ্নটা উঁকি-ঝুঁকি দিচ্ছে, তা এককথায় অবিশ্বাস্য। ফ্লিপকেনসের সামনে স্বপ্নের বীজটা বুনে দিয়েছিলেন এক বেলজিয়ান শিল্পপতি। টেনিস-পাগল এই শিল্পপতি বাড়িয়ে দিয়েছিলেন আর্থিক সহায়তার হাত। তাঁর সাহায্য ছাড়া ফ্লিপকেনস নাকি উইম্বলডনেই আসতে পারতেন না, ‘পেশাদার সার্কিটে ট্যুর করার আর্থিক সংগতি আমার ছিল না। ওই সহূদয় ব্যক্তিটি (শিল্পপতি) এগিয়ে না এলে আমার এই পর্যায়ে আসা হতো না।’

বেলজিয়াম টেনিসের সর্বকালের সেরা তারকা কিম ক্লিস্টার্সের কাছেও দারুণ ঋণী ফ্লিপকেনস। তাঁর উত্সাহ আর অনুপ্রেরণাই তাঁকে শক্তি জুুগিয়েছে। নয়তো এত ঝড়-ঝঞ্ঝা যাঁর ওপর দিয়ে গেছে, তাঁকে এই পর্যায়ে দেখাটাই তো হূদয়ে এঁকে দেয় বিরাট এক বিস্ময়-বোধক চিহ্ন।

রূপকথার গল্পের শেষটা ফ্লিপকেনস কেমন করতে পারেন—এখন দেখার বিষয় এটিই। সেমিফাইনাল লাইনআপে সাবিনা লিসিক ও আগ্নিয়েস্কা রাদাভানস্কার লড়াইটি ছাপিয়ে তাই মারিওন বারতোলি ও কারস্টেন ফ্লিপকেনসের লড়াইটিই দর্শকদের আগ্রহের কেন্দ্রতে।

রূপকথার গল্প তো মানুষ এমনিতেই বেশি পছন্দ করে! সূত্র: ওয়েবসাইট।