ফ্লেচার যখন 'গেইল'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলিন্দা সিরিবর্ধনাকে ফিরিয়ে দিয়ে দিনেশ রামদিনের সঙ্গে স্যামুয়েল বদ্রির ‘হাই ফাইভ’। কাল বেঙ্গালুরুতে l এএফপি
মিলিন্দা সিরিবর্ধনাকে ফিরিয়ে দিয়ে দিনেশ রামদিনের সঙ্গে স্যামুয়েল বদ্রির ‘হাই ফাইভ’। কাল বেঙ্গালুরুতে l এএফপি

একটু পরপরই প্ল্যাকার্ড উঁচিয়ে ধরছিল গ্যালারি। কোনোটায় তাঁর প্রতি ভালোবাসার কথা লেখা। কোনোটায় বা তাঁকে মিস করার দুঃখ।
ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে দুহাত তুলে ঘুরে ঘুরে দর্শকদের শুভেচ্ছা জানালেন। ছুড়ে দিলেন উড়ন্ত চুম্বনও। গ্যালারির তুমুল হর্ষধ্বনি শুনে কে বুঝবে, এখানে কোনো স্বাগতিক দল খেলছে না।
স্বাগতিক দল না খেলুক, ঘরের ছেলে তো খেলছে! আইপিএলে এটা বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের মাঠ। ক্রিস গেইলের মাঠও। গেইলকে দেখার জন্য দর্শকদের তাই তর সইছিল না। বিশ্বের যেকোনো মাঠেই টি-টোয়েন্টি দর্শকের বড় একটা অংশ আসে তাঁর ব্যাটিংয়ের টানে। এখানে এসেছিল আরও বেশি।
তর সইছিল না গেইলেরও। দুই ইনিংসের বিরতির সময়ই ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার প্রেসবক্সে এসে জানিয়ে গেছেন, ফিল্ডিংয়ের সময় গেইলের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট লেগেছে। ব্যাট করার সম্ভাবনা খুবই কম। অথচ ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেট পড়ার পরই গেইল মাঠে নেমে যাচ্ছিলেন। কিন্তু ফিল্ডিংয়ে যতটা সময় বাইরে ছিলেন, দলের ব্যাটিংয়ে ততটা সময় তখনো পার হয়নি বলে তাঁকে আটকে দেন আম্পায়ার। প্রায় নেমে গিয়েছিলেন আরও একবার। চান্ডিমালের নেওয়া ফ্লেচারের ক্যাচটা টিভি আম্পায়ারের কাছে বৈধতা না পাওয়ায় শ্রীলঙ্কানদের চেয়ে তাঁকেই যেন বেশি বিমর্ষ দেখাল।
শেষ পর্যন্ত গেইলকে আর নামতেই হলো না। তারপরও ওয়েস্ট ইন্ডিজের অনায়াস জয়। সেটিও দারুণ স্টাইলে। দশ বল বাকি থাকতে আন্দ্রে রাসেলের ছক্কায়। আসল নায়ক অবশ্য আরেক আন্দ্রে—আন্দ্রে ফ্লেচার।
গেইল একজনই হয়। তবে গেইলের জায়গায় নেমে যে ব্যাটিংটা করলেন, তাতে কালকের ফ্লেচারকে ‘গরিবের গেইল’ তো বলাই যায়! সেঞ্চুরিটা করতে পারলেন না। তবে সেটা তাঁর দোষ নয়, ‘দোষ’ শ্রীলঙ্কার! প্রথমে ব্যাট করে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা ১২২ রানেই শেষ হয়ে যাওয়ার পর আর সেঞ্চুরি হয় কীভাবে! এত কম রান তাড়া করতে নেমে একজনেরই ৮৪ করে ফেলাই তো বিস্ময়কর।
এই বিশ্বকাপের ফেবারিট বাছতে গিয়ে সেদিন সাকিব আল হাসান বলছিলেন, টি-টোয়েন্টিতে তাঁর সব সময়ই ওয়েস্ট ইন্ডিজকে ফেবারিট মনে হয়। কেন মনে হয়, তার উত্তর প্রথম দুটি ম্যাচেই দিয়ে দিয়েছে ড্যারেন স্যামির দল। খেলাটা ওয়েস্ট ইন্ডিয়ানদের আমুদে চরিত্রের সঙ্গে খুব যায়। সেই মুক্তমনা ক্রিকেটের সঙ্গে বুদ্ধিদীপ্ততাও মিশে থাকল কাল। স্যামি প্রথম চারটি ওভার করালেন চারজন ভিন্ন বোলারকে দিয়ে। এঁদের মধ্যে স্যামুয়েল বদ্রির লেগ ব্রেক মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিল। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে ফ্লেচার
অমন একাই এক শ না হয়ে গিয়ে রানটা যদি ভাগাভাগি হয়ে যেত, ম্যাচসেরার ট্রফিটা তাহলে বদ্রির হাতেই ওঠে!