ফ্লেচারের নিয়োগ ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘সেরা সিদ্ধান্ত’: আকরাম
এমনিতেই ভারতীয় ক্রিকেট দলের কোচ, তার ওপর ভারত আবার বিশ্ব চ্যাম্পিয়ন। আলোচনাটা ডানকান ফ্লেচারকে নিয়ে হবেই। হচ্ছেও তাই। এ মুহূর্তে ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব বোধ হয়, সাবেক এ জিম্বাবুইয়ান ক্রিকেটারই। ইংলিশ ক্রিকেট দলের দীর্ঘদিনের কোচ ফ্লেচারকে অনেক তারকা ক্রিকেটারই সফল প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেনের যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন। তাঁরা প্রশংসা করেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্তের।পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম যেমন এক কদম এগিয়ে থেকে বলেছেন, ফ্লেচারকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া ভারতীয় ক্রিকেটে বোর্ডের ‘সেরা সিদ্ধান্ত’।ওয়াসিম আকরাম বলেছেন, গ্যারি কারস্টেনের মতো এত সফল একজন কোচের বিদায়ের পর ডানকান ফ্লেচারের চেয়ে ভালো কাউকে পেত না ভারতীয় ক্রিকেট বোর্ড।ভারতীয় ক্রিকেট দলকে একটি অভিজ্ঞ দল হিসেবে মনে করেন আকরাম। তাঁর মতে, ‘এ দলটির প্রতিটি খেলোয়াড়ই অভিজ্ঞ ও পরিণত। এ দলের কোনো প্রশিক্ষণের দরকার নেই। এ দলের প্রয়োজন এমন কাউকে, যিনি এ অভিজ্ঞ ও পরিণত খেলোয়াড়দের এক সুতোয় গাঁথতে পারবেন।’পাকিস্তান দলের হয়ে খুব বেশি বিদেশি কোচের সান্নিধ্য পাননি ওয়াসিম আকরাম। ক্যারিয়ারের একেবারে শেষের দিকে এসে ইংলিশ কোচ রিচার্ড পাইবাসের অধীনে কিছুদিন কাজ করেছিলেন তিনি। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, বিদেশি কোচদের মজাই হলো, তাঁরা অনুরাগ-বিরাগের ঊর্ধ্বে উঠে কাজ করেন। দেশি কোচদের অনেক পছন্দ-অপছন্দ থাকে। কিন্তু বিদেশিরা একেবারেই নিরপেক্ষভাবে পেশাদারি মনোভাব নিয়ে কাজ করে থাকেন।কিছুদিন আগেই ভারতের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও কপিল দেব গ্যারি কারস্টেনের উত্তরসূরি হিসেবে একজন ভারতীয়কে দেখতে চেয়েছিলেন। ওয়াসিম আকরাম কি তাঁর মন্তব্যের মধ্য দিয়ে তার একটা জবাব দিয়ে দিলেন না? ব্যক্তি ডানকান ফ্লেচার সম্পর্কে ওয়াসিম আকরাম বলেন, তিনি একজন দারুণ অভিজ্ঞ কোচ। ভারতের আসন্ন ইংল্যান্ড সফর সম্পর্কে ওয়াসিম বলেন, ইংল্যান্ড দলের কোচ থাকার কারণে ফ্লেচার আসন্ন ইংল্যান্ড সফরে ভারতকে দারুণভাবে সহায়তা করতে পারবেন। কে জানে, ফ্লেচার নিজের অভিজ্ঞতা নিংড়ে দিলে হয়তো এবারই ইংল্যান্ডকে তাদের ঘরের উঠানে হারিয়ে আসার আনন্দে ভাসতে পারবেন ধোনি-টেন্ডুলকার-জহির খান-হরভজন-শেবাগরা। ডেইলি টাইমস।