ফ্লেচারের পক্ষে আকরামের বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নতুন কোচ হিসেবে নাম ঘোষণার ঘণ্টা খানেকের মধ্যে শ খানেক ফোনকল রিসিভ করতে হয়েছে। ডানকান ফ্লেচারের কেপটাউনের বাড়ির ফোনটা এখনো বেজে যাচ্ছে অনবরত। ক্রিকেটপাগল দেশটির হাজারো সংবাদমাধ্যমের কর্মীরা নতুন কোচের অন্তত একটা উদ্ধৃতি চান। কিন্তু ফ্লেচারের মুখে কুলুপ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া নিষেধ, এখনই মুখ খোলা যাবে না। সবাইকেই তাই ফ্লেচার বলছেন, ‘সরি, বুঝতেই পারছেন...।’আগামী মাসের মাঝামাঝি চুক্তিতে সই করতে ভারতে আসবেন ফ্লেচার। কথা বলবেন তখনই, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। বিসিসিআইয়ের এক কর্মকর্তার কথায় ইঙ্গিত, নতুন কোচের বেতন হবে আগের কোচের মতোই। গ্যারি কারস্টেনের বেতন ছিল বছরে ৪ লাখ ৮০ হাজার ডলার (মাসে ৪০ হাজার ডলার)। একই বেতন পেলে দুই বছরের চুক্তিতে বোনাস-টোনাসসহ ‘মিলিয়নিয়ার’ হয়ে যাবেন ফ্লেচার। বিসিসিআই অবশ্য কারস্টেনকে রেখে দিতে এক বছরেই এক মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরিবারকে সময় দেওয়াই শ্রেয় মনে করেছেন কারস্টেন।ফ্লেচারের নিয়োগ ঠিক হলো কি হলো না, এ নিয়ে আলোচনা চলছেই। ফ্লেচারের পক্ষে এবার ব্যাটিং-বোলিং করেছেন ওয়াসিম আকরাম। গাভাস্কার-কপিলদের সঙ্গে একমত নন সাবেক পাকিস্তান অধিনায়ক। তাঁর ধারণা, এই যুগে ভাষা কোনো সমস্যা নয়। উপমহাদেশের বাস্তবতায় বিদেশি কোচই ভালো, ‘উপমহাদেশে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় নিজ দেশের কোচদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকে। একজন বিদেশির এই সমস্যা নেই। ফ্লেচার মিডিয়ায় বেশি কথা বলেন না, নিজের কাজটা ঠিকঠাক করে যান। কারস্টেনের পর ফ্লেচারই হতে পারেন ভারতের জন্য আদর্শ মেন্টর। তাঁর কোচিংয়ে গ্লামারগনে খেলে ওয়াকার ওঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছে।’সাবেক পাকিস্তান অধিনায়কের ধারণা, ফ্লেচারের অভিজ্ঞতা সামনের ইংল্যান্ড সফরে ভারতকে অনেক সুবিধা দেবে। ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ানের আবার ধারণা ফল হতে পারে উল্টো, ‘আট বছর আমাদের কোচ ছিলেন, অন্য অনেক কোচের চেয়ে ইংলিশ ক্রিকেটারদের ভালোভাবে চেনেন ফ্লেচার। কিন্তু অন্য অনেক কিছুই আছে, যা তিনি জানেন না। আমাদের নিয়ে তাই একটা দ্বৈত ভাবনা কাজ করতে পারে তাঁর মাঝে, যেটার ফল হতে পারে নেতিবাচক।’বীরেন্দর শেবাগ পছন্দ-অপছন্দের প্রশ্নে যাননি, তবে দ্রুত কোচ নিয়োগ দেওয়ায় প্রশংসা করেছেন বোর্ডের, ‘বিসিসিআই দ্রুত কারস্টেনের একজন উত্তরসূরি খুঁজে নেওয়ায় খুব ভালো হয়েছে। ক্রিকেটারদের এতে সুবিধা হবে, নতুন কোচও থিতু হওয়ার পর্যাপ্ত সময় পাবেন।’ শেবাগের অপছন্দ হওয়ার কারণ অবশ্য নেই, সিদ্ধান্ত নেওয়ার আগে ধোনি-টেন্ডুলকারের সঙ্গে তাঁর মতামতও নিয়েছে বিসিসিআই। ওয়েবসাইট।