ফ্লেচারের পক্ষে-বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডানকান ফ্লেচার আবার কে? ১৯৮৩ বিশ্বকাপ ৩০ বছর আগের ঘটনা। খেলোয়াড় ফ্লেচারকে আমার খুব বেশি মনে নেই। ভারতের কোচ হিসেবে আমি ভেঙ্কটেশ প্রসাদ বা রবিন সিংকে দেখতে চাই। এ কারণে নয় যে ওরা ভারতীয়। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০০৭) ওরা দারুণ কাজ করেছিল।’খেলোয়াড় ডানকান ফ্লেচারকে মনে না-ও থাকতে পারে, কিন্তু কোচ ফ্লেচারকে ভুলে গেছেন কপিল দেব, এটি বিশ্বাসযোগ্য নয়। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক সরাসরিই জানিয়ে দিয়েছেন, ভারতের নতুন কোচকে একদমই পছন্দ হয়নি তাঁর। কপিল পাশে পাচ্ছেন আরেক সাবেক ভারত অধিনায়ক সুনীল গাভাস্কারকে। সরাসরি ফ্লেচারের নিয়োগের বিরোধিতা গাভাস্কার করেননি। তবে তাঁরও পছন্দ নিজ দেশের কাউকে, ‘এ মুহূর্তে জিমি (মহিন্দর অমরনাথ) হতে পারত দারুণ একজন পছন্দ। খুবই সাধারণ কারণ, এই দলের বেশির ভাগ ক্রিকেটারই হিন্দিভাষী। আমার ধারণা, জিমি দলের সঙ্গে দারুণ মানিয়ে নিতে পারবে। এটা ছাড়া ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর অসাধারণ এক ক্ষমতা আছে ওর। দলের কিংবা কোনো ক্রিকেটারের খারাপ সময়ে যেটা খুব সাহায্য করবে।’অমরনাথ অবশ্য এর আগেরবারও কোচ হওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু বিসিসিআইর কোচ নির্বাচন কমিটি শেষ মুহূর্তে পছন্দ করে গ্যারি কারস্টেনকে। মজার ব্যাপার হলো, সেই কমিটিতে ছিলেন গাভাস্কারও! এবার অবশ্য কোনো কমিটি ছিল না। এটা নিয়েও সমালোচনা হচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইর এক উচ্চপদস্থ কর্মকর্তা ডিএনএকে বলেছেন, মিডিয়ার হইচই এড়াতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোপনে। কোচ নিয়োগ-প্রক্রিয়ায় অবশ্য যুক্ত ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। কারস্টেনের মতামতও নেওয়া হয়েছে।কপিল-গাভাস্কারের উল্টো মতও আছে প্রচুর। দুটি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান কোচ ও বর্তমানে ক্রিকেট নিউজিল্যান্ডের ডিরেক্টর জন বুকাননের ধারণা, কারস্টেনের চেয়েও ভালো হবেন ফ্লেচার, ‘কারস্টেনের সঙ্গে ফ্লেচারের অনেক মিল আছে, বরং ওর অভিজ্ঞতা আরও বেশি। ভারতের ক্রিকেট এখন যে পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, ফ্লেচারই সবচেয়ে উপযুক্ত।’ বুকাননের সাবেক শিষ্য ও কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ মাইকেল বেভানের আশাবাদ, ইংল্যান্ডের মতো ভারতেও সফল হবেন ফ্লেচার।সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রীর তো ধারণা, এই মুহূর্তে ফ্লেচারই সেরা পছন্দ। নতুন কোচকে একটা পরামর্শও দিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ‘আমার মতামত জানতে চাওয়া হয়েছিল, আমি ফ্লেচার সম্পর্কে যা জানি, বলেছি। ওর অভিজ্ঞতা অনেক। ও-ই ইংল্যান্ডকে শিখিয়েছে কীভাবে বিশ্বের এক নম্বর দলকে (অস্ট্রেলিয়া) হারাতে হয়। একদম সঠিক সময়ে আমরা ফ্লেচারকে পেয়েছি। ভুলে যাবেন না বছরের শেষে আমাদের অস্ট্রেলিয়া সফর আছে। আমি ফ্লেচারকে বলব, দায়িত্ব নেওয়ার আগে কারস্টেনের সঙ্গে লম্বা সময় ধরে কথা বলে নিতে।’ বোলিং কোচ এরিক সিমন্সও উন্মুখ হয়ে আছেন নতুন কোচের সঙ্গে কাজ করতে।ভারতের কোচ হওয়ার ‘জ্বালা’টা অবশ্য নিয়োগ পেয়েই টের পেতে শুরু করেছেন ফ্লেচার। ঘোষণার ঘণ্টা খানেকের মধ্যে নাকি শ-খানেক ফোন রিসিভ করতে হয়েছে তাঁকে। কেপটাউনের বাড়িতে ফোন বেজে গেছে সারা দিন। তবে সবাইকে ফ্লেচার বলে দিয়েছেন, ভারতে এসে সংবাদ সম্মেলনেই কথা হবে, তার আগে নয়। ওয়েবসাইট।