ফ্লেচারের ‘নব আহ্বান’ সেই ক্যারিবিয়াতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে ওয়েস্ট ইন্ডিজেই শেষবারের মতো কোনো দেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডানকান ফ্লেচার। ভারতের কোচ হওয়ার পর সেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই শুরু করতে যাচ্ছেন ‘নব আহ্বান’। এই ‘নব আহ্বানের’ মিশন সফল করে ভারতের কোচ হিসেবে যাত্রাটি শুভই করতে চান তিনি।২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ ক্রিকেটে ইংলিশ দলের ব্যর্থতায় ত্যক্ত-বিরক্ত হয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর অধীনে ইংল্যান্ডকে ওয়ানডে ক্রিকেটে খুব একটা সফল বলা না গেলেও টেস্ট ক্রিকেটে সে সময়ে ইংলিশ জয়যাত্রা কিন্তু একেবারে অসফল ছিল না। তাঁর অধীনে ইংল্যান্ড ৯৬টি টেস্ট খেলে ৪২টি জয় পেয়েছিল। এর মধ্যে অবশ্যই সবচেয়ে স্মরণীয় সাফল্য ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ জয়।বিশ্ববিজয়ী হওয়ার পরপরই ভারতের দায়িত্ব নিয়েছেন এই অভিজ্ঞ কোচ। প্রথম মিশন ওয়েস্ট ইন্ডিজে অবশ্য তিনি পূর্ণশক্তির দল পাচ্ছেন না তিনি। শচীন, শেবাগ, ধোনি, গম্ভীর, যুবরাজদের ছাড়াই ভারতীয় দল সিরিজ খেলতে যাচ্ছে। ব্যাপারটি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ অবশ্য নেই। কারণ, পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজ দলকে মোকাবিলায় শক্তির বিচারে ভারতের দ্বিতীয় সারির দলকেই সংগত মনে করেছে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজ দুর্বল। পাকিস্তানের বিপক্ষে সদস্য সমাপ্ত সিরিজেই সেটা প্রমাণিত হয়ে গেছে। তার পরেও পেশাদার কোচ ফ্লেচার কিন্তু কথাবার্তায় বেশ সাবধানী। তিনি বলেছেন, ‘ঘরের মাঠে যেকোনো প্রতিপক্ষই বিপজ্জনক। তাই ওয়েস্ট ইন্ডিজকে হালকা হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই।’স্পিন দিয়েই ক্যারিবীয়দের কাবু করার ছক হয়তো কেটে রেখেছেন। কারণ, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল এই ঘরানায় অতিশয় দুর্বল। পাকিস্তানের স্পিনারত্রয়ী মোহাম্মদ হাফিজ, আবদুর রেহমান ও সাঈদ আজমল এটা খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। ফ্লেচার ভারতের এই দিকটা নিয়ে কিছুটা নির্ভার থাকতেই পারেন। দলের স্পিন ডিপার্টমেন্টে যে অনেক বৈচিত্র্য রয়েছে—এটা তো সকলেই জানেন।তরুণ উদীয়মান কয়েকজন ব্যাটসম্যান দলে রয়েছেন। শিখর ধাওয়ান ও পার্থিব প্যাটেলের মতো খেলোয়াড়দের নিয়েও তিনি উত্সাহিত। এদের খুব কাছ থেকে পরখ করে নেওয়ার সুযোগ পাবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরের সুযোগে নিজেদের রিজার্ভকে ঝালিয়ে নেওয়ার সুযোগটা কোচ ডানকান ফ্লেচারের জন্য আশীর্বাদই বলা যায়। টাইমস অব ইন্ডিয়া।