ফ্ল্যামিঙ্গোয় রোনালদিনহোর বিরূপ অভ্যর্থনা
ফ্ল্যামিঙ্গো ছেড়ে অ্যাটলেটিকো মিনেইরোয় পাড়ি জমানোর পর এই প্রথম পুরোনো ক্লাবের আঙিনায় পা রাখলেন রোনালদিনহো। কিন্তু পুরোনো ক্লাবে তাঁর অভ্যর্থনাটা খুব একটা সুখকর হলো না। ফ্ল্যামিঙ্গোর সঙ্গে অ্যাটলেটিকো মিনেইরোর ম্যাচটি অনুষ্ঠিত হয় ফ্ল্যামিঙ্গোর মাঠে। রোনালদিনহো ওতে পা রাখতেই মাঠে উপস্থিত ৩০ হাজার দর্শক দুয়োধ্বনি দিয়ে স্বাগত জানায় তাঁকে। খেলা চলার সময় রোনালদিনহোর পায়ে যতবার বল গেছে, ততবারই গ্যালারি থেকে উত্কট চিত্কার আর গালি শুনতে হয়েছে এই ব্রাজিলীয় তারকাকে। শেষ পর্যন্ত ম্যাচে পরাজয়ই সঙ্গী হয় অ্যাটলেটিকো মিনেইরোর। ফ্ল্যামিঙ্গোর কাছে তারা হারে ২-১ গোলে।২০১১ থেকে ২০১২ সালের মে পর্যন্ত ফ্ল্যামিঙ্গোর জার্সি গায়ে ৩৩টি ম্যাচ খেলেছেন রোনালদিনহো। গোল করেছেন ১৫টি। এ বছরের জুনে আকস্মিকভাবে মাত্র ছয় মাসের চুক্তিতে অ্যাটলেটিকো মিনেইরোতে পাড়ি জমান ২০০৫ সালের ফিফার বর্ষসেরা এই ফুটবলার। রোনালদিনহোর এই ক্লাববদলটা ভালোভাবে নিতে পারেনি ফ্ল্যামিঙ্গোর সমর্থকেরা। সেই ক্ষোভ বেশ ভালোই বুঝতে পারলেন ফ্ল্যামিঙ্গোর মাঠে প্রতিপক্ষ দলের খেলোয়াড় হিসেবে নেমে।ফ্ল্যামিঙ্গোর সমর্থকদের সঙ্গে সম্পর্কটা অবশ্য আগেও খুব একটা ভালো ছিল না রোনালদিনহোর। বাজে পারফরম্যান্স আর ফর্মহীনতা তাঁর প্রতি ক্ষুব্ধ করে তুলেছিল ফ্ল্যামিঙ্গোর সমর্থকদের। তারা আরও বেশি ক্ষুব্ধ ছিল রোনালদিনহোর যাপিত জীবন নিয়ে। রয়টার্স।