ফয়সাল জেতালেন শেখ রাসেলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার ম্যাচ হারের পর ফরাশগঞ্জের বিপক্ষে গত ম্যাচে জিতেছিল শেখ রাসেল। একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছিল তাতে। জয়ে উজ্জীবিত শেখ রাসেল হাঁটছে জয়ের রাস্তাতেই। টাঙ্গাইলে কাল তারা ১-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে।জয়টা কষ্টার্জিত। গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮৪ মিনিট পর্যন্ত। মহা মূল্যবান গোল করলেন ফয়সাল মাহমুদ। নিজের মাঠে অন্তত একটা পয়েন্ট পাওয়া হলো না বিজেএমসির। ফয়সালের গোল গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।টাঙ্গাইল থেকে ফোনে শেখ রাসেলের কোচ মারুফুল হক জানিয়েছেন, ‘আমরা মূলত প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেছি। বিজেএমসি শুরুর দিকে দুটি ভালো সুযোগ পেয়েছে। তবে আমরা গুছিয়ে উঠেছি এবং শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই ফিরছি ঢাকায়।’দুই দলেরই এটি ছিল প্রথম পর্বে শেষ ম্যাচ। ১০ ম্যাচে রাসেলের পয়েন্ট ১৪। বিজেএমসির ১৬। ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আবাহনী। ২১ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা দ্বিতীয় স্থানে। বিজেএমসি কাল হেরে যাওয়ায় শিরোপা লড়াই থেকে বেশ পিছিয়ে পড়ল। রাসেল শিরোপার আশা ছেড়েই দিয়েছিল টানা চার হারে। এখন টানা দুটি ম্যাচ জিতে একটু প্রাণ পেল। তবে শীর্ষে থাকা আবাহনীর চেয়ে এখনো ১০ পয়েন্ট পিছিয়ে।