ফয়সালের সেঞ্চুরির পর বোলারদের লড়াই
যে আশায় দিন শুরু করেছিল বাংলাদেশ ‘এ’, সেই লিড এসেছে, তবে মাত্র ৪ রানের। সেটাও প্রথম শ্রেণীর ক্রিকেটে ফয়সাল হোসেনের দশম সেঞ্চুরির সৌজন্যে। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ উল্টো লিড নিয়েছে ১০৫ রানের, হাতে ৭ উইকেট। বিকেএসপিতে ৫ উইকেটে ২০৫ রান নিয়ে দিন শুরু করে কাল প্রথম ঘণ্টাটা নিরাপদেই পার করেছিলেন ফয়সাল ও সগীর হোসেন। ৩৫ রান করে সগীরের বিদায়ে ধসের শুরু, শেষ ৪ উইকেট হারাতে হয়েছে ৩৫ রানে। ৮ চার ও ৫ ছয়ে ঠিক ১০০ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ফয়সাল। প্রথম ফিফটি করেছিলেন ৬৩ বলে, পরের ফিফটি ১৩৪ বলে! ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে ৫৭ রানেই ৩ উইকেট হারানোর পর অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৫২ রান যোগ করেছেন ফিলিপস ও ন্যাশ।ওয়েস্ট ইন্ডিজ ‘এ’: ২৬৮ ও ২য় ইনিংস: ৪৭.৩ ওভারে ১০৯/৩ (ফিলিপস ব্যাটিং ৪৭, ন্যাশ ব্যাটিং ৩২; রাসেল ১/১১, নাজমুল ১/২০, মাহমুদুল ১/৪২)। বাংলাদেশ ‘এ’: ১ম ইনিংস: ৯৮ ওভারে ২৭২ (ফয়সাল ১০০, নাজিমউদ্দিন ৭২, সগীর ৩৫; ব্রাউন ৩/৭৯, শিলিংফোর্ড ৩/৮২, পাসকাল ২/৩৮, টং ১/৩৪)।