ব-এর বাধা ‘ব’
দুজনের বয়সের ব্যবধান তিন বছর। এটি দুজনের বন্ধুত্বে বাধা হতে পারেনি। দুই ‘ব’ বোল্ট আর ব্লেকের মধ্যে সত্যিই খুব দোস্তি। দুজন দুজনের ‘পার্টনার’। স্প্রিন্টাররা সতীর্থ কোনো স্প্রিন্টারের সঙ্গেই জুটি বেঁধে অনুশীলন করতে পছন্দ করেন। উসাইন বোল্টের সেই অনুশীলন-সঙ্গী ইয়োহান ব্লেক। নিয়তির কী পরিহাস, এবারের অলিম্পিক সেই বন্ধুত্বে হুমকি দিচ্ছে ফাটল ধরানোর। গত বেইজিং অলিম্পিকে আলোটা নিজের ওপর টেনে নিয়েছিলেন বোল্ট। ব্লেক বলছেন, সেই আলো এবার প্রমিথিউসের মতো চুরি করে নেবেন তিনি!এর মধ্যেই বোল্টের একটা মুকুট তাঁর মাথায়। ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভেঙে ১০০ ও ২০০ মিটারে সোনা জিতেছিলেন বোল্ট। ২০১১ দেগু চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের সেই মুকুট উঠল ব্লেকের মাথায়। সেটিও কীভাবে? উসাইন বোল্ট ফল্স স্টার্ট করে যখন ট্র্যাজিক হিরো, সাজঘরে ফেরার পথে দেয়ালে আক্ষরিক অর্থেই মাথা ঠুকছেন হতাশায়। মাত্র ২১ বছর ২৪৫ দিন বয়সে সবার আগে ফিনিশিং লাইন ছুঁয়ে একটা রেকর্ডও করেছেন ব্লেক। ১০০ মিটারের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন তিনিই।এর পর থেকেই বোল্ট ‘এড়িয়ে’ চলতে শুরু করেন ব্লেককে। না, এমন নয় যে কথাবার্তা বন্ধ করে দেন। আসলে বোল্টের এই এড়িয়ে চলা বিভিন্ন মিটে। দুজনের দেখা তাই হচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত আর দুজন-দুজনকে এড়াতে পারলেন না। জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে দেখা হয়ে গেলই। এবং ১০০ ও ২০০ মিটার—দুই লড়াইয়েই বোল্ট হারলেন ব্লেকের কাছে! দুই ইভেন্টে ব্লেকের টাইমিংও হলো দুর্দান্ত। ৯ দশমিক ৭৫ সেকেন্ড আর ১৯ দশমিক ৮০ সেকেন্ড। এর পরই দিলেন হুংকার, ‘এটাই শেষ নয়, অলিম্পিক এখনো বাকি আছে। আমাকে পারফর্ম করেই যেতে হবে, এগিয়ে যেতেই হবে।’৫ ফুট ১১ ইঞ্চি শরীরের ব্লেকের ৯ দশমিক ৭৫ সেকেন্ড টাইমিং ১০০ মিটারের ইতিহাসেই চতুর্থ সেরা। ২০০ মিটারে তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং ১৯ দশমিক ২৬। ইতিহাসে এর চেয়ে দ্রুততম সময়ে দৌড়েছেন কেবল বোল্টই (১৯ দশমিক ১৯)। ‘আমি কঠোর পরিশ্রম করছি। সেটারই ফল এখন পাচ্ছি। বড় বড় জয়ে আমি বিস্মিত হইনি। ভালো করেই জানি, বোল্ট কী করতে পারে। এ-ও জানি, ও এখন শতভাগ ছন্দে নেই। আমাকে তাই নিজের ছন্দটাই ধরে রাখতে হবে।’ জ্যামাইকান ট্রায়ালের পর বলেছেন ব্লেক। মজার ব্যাপার হলো, বোল্টের সঙ্গে ‘শত্রুতা’ ভুলেই আবার যোগ দিতে হবে রিলে দলে। কাঁধ মিলিয়ে লড়তে হবে ৪–১০০ মিটার রিলেতে। ২০১১ দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁদের দল গড়েছিল নতুন বিশ্ব রেকর্ড।অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টই হলো এই ১০০ মিটার। বোল্ট আর ব্লেকের উপস্থিতি তাতে যোগ করবে নতুন মসলা। এএফপি।