বউ-বান্ধবীদের পাশে পেয়েই উজ্জীবিত ক্লার্করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে খেলা দেখছেন অস্ট্রেলীয় ক্রিকেটারদের বউ-বান্ধবীরা
গ্যালারিতে খেলা দেখছেন অস্ট্রেলীয় ক্রিকেটারদের বউ-বান্ধবীরা

এবারের অ্যাশেজ সিরিজে যেন দেখা যাচ্ছে একেবারে বদলে যাওয়া এক অস্ট্রেলিয়াকে। ২০০৬ সালের পর টানা তিনটি সিরিজ হারের পর দুর্দান্ত দাপটে ঘুরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। প্রথম তিনটি ম্যাচ জিতেই নিজেদের দখলে নিয়েছে ভস্মাধারটা। নিজেদের মাঠ বলে হয়তো মানসিকভাবে কিছুটা এগিয়েই আছে অস্ট্রেলিয়া। কিন্তু এবার জানা গেল, মাইকেল ক্লার্কদের এই দুর্দান্ত সাফল্যের পেছনে আছে আরও একটি ‘গোপন অস্ত্র’। স্ত্রী-বান্ধবীদের পাশাপাশি থাকতে পেরেই নাকি ভীষণভাবে উজ্জীবিত হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।
কোনো প্রতিযোগিতা চলার সময় মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে—এমন আশঙ্কা থেকে ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীদের কাছ থেকে দূরেই রাখেন অনেকে। তবে অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান এমনটা মোটেই মনে করেন না। মাঠে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য ব্যক্তিগত-পারিবারিক জীবনে ভালো থাকার গুরুত্বটাও ভীষণভাবে অনুভব করেন অস্ট্রেলিয়ার কোচ। আর এই উপলব্ধি থেকেই তিনি স্বাধীনতা দিয়েছেন শিষ্যদের।
যার ফলে স্ত্রী বা বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ পেয়েছেন মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নার, রায়ান হ্যারিসরা। অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়কও বনে গেছেন এই ক্রিকেটাররাই। মাঠে ক্লার্ক-হ্যারিসদেরই দেখা গেছে ইংল্যান্ডকে হতাশায় ডোবাতে। কিন্তু মাঠের বাইরে সবার অলক্ষ্যে বিরাট অবদান রেখেছেন তাঁদের স্ত্রী-বান্ধবীরা। তাঁরাই যে মাঠের লড়াইয়ে ভালো করার অনুপ্রেরণা জুগিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। এটাকেই হ্যারিস বলেছেন ‘গোপন অস্ত্র’। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়ার জন্য কোচের প্রতি কৃতজ্ঞতারও সীমা নেই এই ডানহাতি পেসারের।

এ বছরের জুনে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়ার সাজঘরে আমূল পরিবর্তন এনেছেন লেম্যান। সবার সঙ্গে আলাদাভাবে মিশে বুঝে নিয়েছেন সবার মানসিক অবস্থা। কে কোন পরিস্থিতিতে ভালো খেলে, কে কীভাবে উজ্জীবিত-অনুপ্রাণিত হয়—এগুলো খুঁটিয়ে খুঁটিয়েই জেনেছেন কোচ। আর এভাবেই তিনি হয়ে গেছেন সবার শ্রদ্ধার পাত্র।

মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও সেটা নিয়ে কাউকে হতাশ হয়ে পড়তে দেন না লেম্যান। ইংল্যান্ডের মাটিতে শেষ অ্যাশেজ সিরিজটাও যখন তারা হেরে যাচ্ছিল, তখনও লেম্যান সবাইকে নিয়ে হাসি-ঠাট্টা করেছিলেন। এর সুফলই এখন পাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট।

লেম্যানের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দেখা গিয়েছে তাঁর শিষ্যদের বউ-বান্ধবীরাই। কে না জানে, সফল পুরুষের নেপথ্যে থাকেন নারীরাই!