বউ-ভাগ্যে ভাগ্যবান মুশফিক

সদ্যই বাগদান পর্ব সেরেছেন। বউ ভাগ্যে নাকি অনেক কিছুই হয়। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বউ ভাগ্যের ছোঁয়া খুব দ্রুতই পেয়ে গেলেন প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে কুপোকাত করে। সংবাদ সম্মেলনে তাঁর দিকে উড়ে যাওয়া এসংক্রান্ত প্রশ্নটি শুনে স্মিতহাস্যে স্বীকারও করলেন তা।
বউ-ভাগ্যের ছোঁয়ায় দলও জিতল, নিজেও খেললেন দারুণ এক ইনিংস। তাঁর এই বাগদানের কল্যাণে নাঈম ইসলাম ও রুবেল হোসেনের কাছ থেকে দুটি ‘কামব্যাক’ পারফরম্যান্স এলো কিনা, এ ব্যাপারে তাঁকে অবশ্য কেউ কিছু জিজ্ঞেস করেননি।
রসিকতা ছেড়ে এবার মূল কারণে ফেরা যাক। ব্যাটে বলে দলের এই দারুণ পারফরম্যান্স তৃপ্তিই দিয়ে যাচ্ছে মুশফিককে। সাকিব আল হাসানের মতো পারফরমারকে অসুস্থতার কারণে হারানোর পরেও দলের এমন বাকীদের পারফরম্যান্সের পর আজ রাতে মুশফিকের চেয়ে আনন্দিত আর কেউ হতেই পারে না।
দলের পারফরম্যান্সে মুশফিক এতটাই বিভোর যে নিজে ৯০ রানে আউট হয়ে যাওয়াটাও তাঁকে খুব একটা ছুঁয়ে যাচ্ছেনা, ‘ব্যাপারটা নিয়ে আমি একেবারেই আফসোস করছি না। দিনের শেষে দল জিতেছে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!’
ওয়ানডেতে নিজে কবে একটা ফিফটি করেছিলেন, সেটা নাকি ভুলেই গিয়েছিলেন মুশফিক। আজ দলের বিপর্যয়কর মুহূর্তে তাঁর ব্যাট থেকে যে একটি ভালো ইনিংস বেরিয়ে এসেছে এতেই পরিতৃপ্ত মুশফিক। দল জেতায় পুরো বিষয়টিই তো ‘সোনায় সোহাগা।’
রুবেল হোসেনের হ্যাটট্রিককে খুব অস্বাভাবিক ব্যাপার হিসেবে দেখতে চান না অধিনায়ক। তাঁর মতে রুবেল ইনজুরি কাটিয়ে যে ধরনের পরিশ্রম করেছে, গত তিনটা মাস বল হাতে তাঁর যে ধরনের পারফরম্যান্স, ব্যাপারটা নাকি তাঁর প্রাপ্যই ছিল। নিজে কিউই ব্যাটসম্যান নিশামের এক দারুণ ক্যাচ ধরে রুবেলের হ্যাটট্রিকের সারথি হতে পেরে চোখে-মুখে তৃপ্তির আভা খেলে গেল তাঁর।
এই আনন্দ আভা সিরিজ শেষেও থাক, আপাতত প্রত্যাশা এটিই।