বকেয়া পরিশোধ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম কিস্তির ২৫ শতাংশ টাকা বিসিবির মাধ্যমে না দিয়ে সরাসরি খেলোয়াড়দের দেওয়ায় কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে বিপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি সিলেট রয়্যালস ও চিটাগং কিংসকে। কাল রাতে বিসিবির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।তবে বেশ কয়েকবার সময় বাড়ানোর পর অবশেষে খেলোয়াড়দের পারিশ্রমিকের ২৫ শতাংশের চেক বিসিবির কাছে হস্তান্তর করেছে অন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজি। কথা ছিল, টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের পারিশ্রমিকের প্রথম কিস্তির ২৫ শতাংশ বিসিবির কাছে হস্তান্তর করা হবে। টুর্নামেন্ট চলাকালীন দেবে আরও ২৫ শতাংশ। বাকি ৫০ শতাংশ পারিশ্রমিক দিতে হবে টুর্নামেন্ট শেষ হওয়ার ছয় মাসের মধ্যে। কিন্তু দেব-দিচ্ছি করে করে এত দিন প্রথম ২৫ শতাংশই দিচ্ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। গত ৩১ জানুয়ারি টাকা পরিশোধের সর্বশেষ সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিসিবি সময় বাড়ায় আরেকবার। গতকাল সেই সময় শেষ হয়েছে।কাল এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহা বলেছেন, ‘ঢাকা গ্ল্যাডিয়েটরস, দুরন্ত রাজশাহী, বরিশাল বার্নার্স, খুলনা রয়েল বেঙ্গলস ও রংপুর রাইডার্সের চেক আমরা পেয়েছি। এখন খেলোয়াড়দের সঙ্গে তাঁদের চুক্তিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে।’ বাকি দুই ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে জানিয়েছিলেন, ‘সিলেটের কাগজপত্র এখনো পাইনি। কিছু সমস্যা থাকায় সেগুলো ফেরত পাঠানো হয়েছে। চিটাগং কিংসের কাগজপত্র নাকি রেডি। কিন্তু মালিকের এক নিকটাত্মীয় মারা যাওয়ায় তিনি আসতে পারেননি।’ ২৫ শতাংশ টাকা প্রদানের ক্ষেত্রে বিসিবির নিয়ম না মানায় এই দুই ফ্র্যাঞ্চাইজিকেই কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।খলোয়াড়দের পারিশ্রমিক বিসিবির মাধ্যমে দেওয়ার কথা থাকলেও চিটাগং কিংস ও সিলেট রয়্যালস সেটা খেলোয়াড়দের হাতে দিয়েছে। গভর্নিং কাউন্সিলের প্রধান এটাকে বলেছেন নিয়মবহির্ভূত, ‘বোর্ড দায়িত্ব নেওয়ার পরও খেলোয়াড়দের এটা করা ঠিক হয়নি।’ বিপিএলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক উচ্চারণ করেছেন সতর্কবাণী, ‘যেসব খেলোয়াড় সরাসরি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে টাকা নিয়েছে, ভবিষ্যতে কোনো সমস্যা হলে তাদের দায়দায়িত্ব বোর্ড নেবে না। আমরা কোয়াবের মাধ্যমে খেলোয়াড়দেরও কথাটা জানিয়ে দিয়েছি।’