বক্সার চেয়ে বিপাকে আলী জ্যাকো
বাংলাদেশ থেকে বক্সার নিতে চেয়ে বেশ বিপাকে পড়েছেন কিক-বক্সার আলী জ্যাকো। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ গত নভেম্বরে লন্ডন থেকে ঢাকায় আসেন নতুন বক্সিং-প্রতিভার খোঁজে। ঢাকার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বাছাই করে ছয়জন বক্সারকে লন্ডন নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তাঁর এই কার্যক্রমে ফেডারেশন থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে দাবি করলেন সাবেক লাইটওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন। এমনকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস খান বক্সার পাঠানোর বিনিময়ে তাঁর কাছে উৎকোচ চেয়েছেন বলে কাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে জানিয়েছেন।
সম্প্রতি আলী জ্যাকোর নামে একটি প্রতারণার মামলা (ধারা ৩২৫/৪০৬/৪১৮/১০৯) হয়েছে ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে। ২৮ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। এ মামলার কারণে কাল সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নেরই উত্তর দেননি আলী জ্যাকো। শুধু এটুকু বললেন, মামলাটা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ, ‘এসব মামলা আমাকে হেয় করার জন্য একটা ষড়যন্ত্র। একটি মহল চায় না যে আমি বাংলাদেশ থেকে বক্সার নিয়ে যাই। আমি চাইলেই লন্ডনে চলে যেতে পারি। কিন্তু এই মামলা লড়ে প্রমাণ করতে চাই আমি নির্দোষ।’
তবে আলী জ্যাকোর আনা উৎকোচ নিতে চাওয়া বা অন্যসব অভিযোগ কাল অস্বীকার করেছেন কুদ্দুস খান, ‘এগুলো মনগড়া, ডাহা মিথ্যা কথা। তিনি যদি এ ব্যাপারে কোনো প্রমাণ দেখাতে পারেন তাহলে দেশের ক্রীড়াঙ্গন আমাকে যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব।’ আলী জ্যাকোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ নির্বাহী কমিটির সভাও ডেকেছেন কুদ্দুস। আলী জ্যাকোর হাতে বক্সার তুলে দিতে আপত্তি আছে ফেডারেশন বা কুদ্দুস খানের, ‘জ্যাকোর একাডেমির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। আমাদের দেশে অ্যামেচার বক্সিংয়ে সর্বোচ্চ তিন রাউন্ড খেলা হয়। কিন্তু তিনি পেশাদার বক্সিংয়ের জন্য ১৮ রাউন্ড খেলাতে আগ্রহী। এভাবে খেলাতে হলে তাঁকে লন্ডনের বৈধ কাগজপত্র দেখাতে হবে। সে দেশের ফেডারেশনের বৈধ লাইসেন্স ও আমন্ত্রণপত্রও দেখতে চেয়েছি আমরা।’ অবশ্য পুরো প্রক্রিয়াটা তিনি ছেড়ে দিচ্ছেন চার সদস্যের টেকনিক্যাল কমিটির হাতে, ‘এসব বিষয় খতিয়ে দেখতে একটি টেকনিক্যাল কমিটি করেছি। তারা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দিলে বক্সার পাঠাতে আমাদের কোনো আপত্তি নেই।’