বক্সারদের স্বপ্ন দেখাচ্ছেন আলেক্সান্দার

হাতে ছোট্ট নোটবুক। সারাক্ষণ তাতে কিছু না কিছু লিখছেন বক্সিংয়ের ইউক্রেনিয়ান কোচ গুরেঙ্কো আলেক্সান্দার। নিশ্চয়ই বক্সিং নিয়ে নতুন কোনো পরিকল্পনা সাজাচ্ছেন! খানিক আলাপচারিতায় বোঝা গেল রহস্যটা। খাতা দেখে ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘কেমন আছো, ভালো আছি,’ এই জাতীয় কিছু কথাবার্তা। রুশ আর বাংলার জগাখিচুড়ি আলাপচারিতার সময় দোভাষীর ভূমিকায় এগিয়ে এলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস খান। তিনি অনেক দিন ধরেই একজন ইউরোপিয়ান কোচের খোঁজ করছিলেন।
আলেক্সান্দার ঢাকায় এসেছেন ১০ জানুয়ারি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) তত্ত্বাবধানে চারটি ফেডারেশনের খেলোয়াড়দের নিবিড় অনুশীলন চলছে ঢাকা সেনানিবাসে। দীর্ঘমেয়াদি এই প্রশিক্ষণের অন্যতম কোচ বক্সিংয়ের আলেক্সান্দার। রাজধানী কিয়েভ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের ভিনিতসিয়া শহরে জন্ম ৫৬ বছর বয়সী ভদ্রলোকের। তাঁর জীবনবৃত্তান্ত ঘেঁটে অর্জনের খাতায় তেমন কিছু পাওয়া যায়নি। ১৯৭১ থেকে ১৯৮০ সাল পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। আর কোচিং ক্যারিয়ারের শুরু ভিনিতসিয়াতেই। সেখানকার জুনিয়র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সিনিয়র কোচ হিসেবে কাজ করেছেন ১৯৮২ থেকে ১৯৯৩ পর্যন্ত। ইউক্রেনের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান বক্সিং কোচ হিসেবেও ছিলেন কয়েক বছর।
হেভিওয়েট বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইউক্রেনের সহোদর ভ্লাতিমির ক্লিচকো ও ভিতালি ক্লিচকোর কোচিং স্টাফে সহকারী হিসেবে একসময় কাজ করেছেন বলে দাবি করলেন।
ইউরোপের এই কোচের সঙ্গে প্রথম যোগাযোগ হয় সেনাবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তৎকালীন সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এম এ হামিদের। গত সেপ্টেম্বরে তিনি ইউক্রেনে বিশ্ব জুনিয়র বক্সিংয়ে বাংলাদেশ দলের সফরসঙ্গী ছিলেন। তখনই আলেক্সান্দারকে ঢাকায় আসার প্রস্তাব দিলে রাজি হন। তবে শর্ত দিয়েছিলেন, বাংলাদেশে কাজ করবেন কি না, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বক্সারদের দেখার পর।
মাত্র এক সপ্তাহ প্রশিক্ষণ দিচ্ছেন বক্সার আল আমিন, সুরকৃষ্ণ চাকমা ও আরিফ হোসেনকে। তবে মাত্র তিনজন বক্সার দেখে খুব হতাশ আলেক্সান্দার। কাল বললেন, ‘আমাকে আরও বেশি বক্সার দিতে হবে। এদের মধ্যে বাছাই করে সেরাদের নিয়ে কাজ করব। তবে যারা আছে তাদের মধ্যে শেখার আগ্রহ অনেক বেশি। ওদের একবার দেখিয়ে দিলেই টেকনিক, ট্যাকটিকসগুলো শিখে নিতে পারে দ্রুত।’
মাসিক চার হাজার ডলার বেতনে এক বছরের চুক্তি। বাংলাদেশকে নিয়ে খুব আশাবাদী আলেক্সান্দার। এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন তাঁর চোখে, ‘আমি বাংলাদেশকে এশিয়াডে সোনা উপহার দিতে চাই।’ পরিকল্পনা করছেন বাংলাদেশের বক্সারদের ইউরোপে নিয়ে যাবেন, ‘প্রয়োজনে আমি ইউক্রেন ও অন্যান্য দেশে নিয়ে যাব বক্সারদের। সেখানে তাদের বিভিন্ন আমন্ত্রণমূলক ও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলাব। এসব টুর্নামেন্টে খেলানোর জন্য যা করার সেটা আমি করতে পারব।’
মাত্র এক সপ্তাহের জন্য আবারও ইউক্রেনে ফিরবেন ৩০ জানুয়ারি। ব্যক্তিগত কিছু কাজ সেরে স্ত্রী তাতিয়ানা স্তেপানিভানাকে নিয়েই ঢাকায় আসবেন। বনানীতে এরই মধ্যে তাঁর জন্য বাসা খুঁজতে শুরু করেছে ফেডারেশন। বক্সিংয়ের নতুন কোচকে নিয়ে আশাবাদী বাংলাদেশ গেমসে সোনাজয়ী আল আমিন, ‘খুবই ভালো মানের কোচ। আমি কিয়েভে বিশ্ব জুনিয়রে তাঁকে দেখছি। আরও আগে এমন কোচ দরকার ছিল আমাদের।’
সর্বশেষ এসএ গেমসে আনা হয়েছিল থাই বক্সিং কোচ থান তুয়ানকে। পাওয়া গিয়েছিল দুটি সোনার পদক। ইউক্রেনিয়ান কোচ কি বাংলাদেশকে দিতে পারবেন এশিয়াডের পদক?