বক্সারদের স্বপ্নহীন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই ধারাবাহিকে আজ বক্সিং
জুয়েল আহমেদ ও  আবদুর রহিম
জুয়েল আহমেদ ও আবদুর রহিম

ইউক্রেনের বক্সার ভাসিল লোমাচেঙ্কোকে সামনে থেকে একবারই দেখেছেন। বছর তিনেক আগে কাজাখস্তানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে দুবারের অলিম্পিক সোনাজয়ীকে দূর থেকে দেখেছিলেন বক্সিংয়ের জাতীয় চ্যাম্পিয়ন আল আমিন। কথা হয়নি। তবুও বর্তমান ডব্লুবিওএ ফেদারওয়েট চ্যাম্পিয়নই নাকি তাঁর কোচ! শুধু আল আমিনই নন, এসএ গেমসে সোনাজয়ী আবদুর রহিম, জুয়েল আহমেদেরও ভরসা সময়ের অন্যতম সেরা এই বক্সার।
বাংলাদেশে কখনো আসেননি লোমাচেঙ্কো। কিন্তু শেখার বেলায় এটা যেন ভার্চ্যুয়াল একলব্য-দ্রোণাচার্যের গল্প। ইউটিউবে লোমাচেঙ্কোর বক্সিং অনুশীলন আর খেলার দৃশ্যগুলো ডাউনলোড করেন বাংলাদেশের বক্সাররা। এরপর স্মার্টফোনে আর ল্যাপটপে ছড়িয়ে দেওয়া। ব্যস, এভাবেই শিখছেন আধুনিক বক্সিংয়ের কৌশল। শুধরে নিচ্ছেন ফুটওয়ার্ক, টাইমিং। এভাবে না শিখে উপায় কী? কোচ ছাড়াই যে চলছে বক্সারদের এসএ গেমসের প্রস্তুতি! দেশের একজন কোচ আছেন বটে, কিন্তু পাতিয়ালা থেকে ট্রেনিং নেওয়া মহিউদ্দিন আহমেদ আধুনিক বক্সিং সম্পর্কে এতটাই পিছিয়ে যে তাঁর ওপরে ততটা ভরসা করতে পারেন না বক্সাররা।

এ যেন অন্ধকারে ঢিল ছোড়া। এসএ গেমসের মতো বড় মঞ্চে খেলতে নামবেন, অথচ তার আগে কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ মিলছে না। এক বছর পর গত ডিসেম্বরে হয়েছে জাতীয় প্রতিযোগিতা। বক্সাররা সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন গ্লাসগো কমনওয়েলথ গেমসে, দেড় বছর আগে।

আক্ষেপ করে আল আমিন বলছিলেন, ‘কমনওয়েলথ গেমসে নিউজিল্যান্ডের যে বক্সারের সঙ্গে খেলেছি, সে ৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। আমি মাত্র একটি! রিংয়ে নামার আগে মাইকে এ ঘোষণা শোনার পর কী যে লজ্জা লাগছিল! অনেক কষ্ট পেয়েছিলাম।’

এসএ গেমসের প্রস্তুতির জন্য ভারত সারা বছর বিদেশি কোচ রাখে। শ্রীলঙ্কা ও ভুটান গেমস সামনে রেখে এনেছে কোরিয়ান কোচ। নেপালে কিউবান কোচ। অথচ বাংলাদেশে বিদেশি কোচের জন্য হাহাকার।

গত এসএ গেমসে থাইল্যান্ডের কোচের অধীন এক বছরের বেশি সময়ের অনুশীলনে সোনা জিতেছিলেন আবদুর রহিম ও জুয়েল আহমেদ। রুপা জেতেন ফয়সাল মোল্লা। দুটি ব্রোঞ্জ নাদিম হোসেন ও মশিউর রহমানের। পারফরম্যান্সের কারণে এবারের গেমসে নেই নাদিম, পাসপোর্ট জটিলতায় ছিটকে গেছেন মশিউর। ১১ জন বক্সারের মধ্যে ছয়জন একেবারেই নতুন।

বক্সিংয়ের ইতিহাসে বাংলাদেশের ৪টি সোনাই ঢাকায় জেতা। গতবার দুটি, এর আগে ১৯৮৫ গেমসে জিতেছিলেন মোশাররফ হোসেন, ১৯৯৩-এ মোজাম্মেল হোসেন। গতবারের সাফল্য ধরে রাখতে দুই বছর আগে আনা হয়েছিল ইউক্রেনের কোচ আলেক্সাজান্ডার গুরেনকোকে। কিন্তু টাকার অভাবে তাঁকে রাখতে পারেনি ফেডারেশন। গত জুনে তিনি চলে যান। এরপর থেকেই বক্সাররা নিজেরাই নিজেদের কোচ!

এবার কি সোনা ধরে রাখতে পারবেন? আবদুর রহিম ততটা ভরসা দিতে পারলেন না, ‘ভালো কিছুর আশাতেই অনুশীলন করছি। তবে বিদেশি কোচ থাকলে আরও ভালো হতো। আমরা যেভাবে অনুশীলন করি, তাতে আন্তর্জাতিক অঙ্গনে রেজাল্টের আশা করা কঠিন।’

সেনাবাহিনীর চাকরির সুবাদে রহিম জাতিসংঘ মিশনে কঙ্গো গিয়েছিলেন ২০১১ সালে। এ জন্য এক বছর বক্সিং রিংয়েই নামা হয়নি। মাঝেমধ্যে একবেলা অল্প অনুশীলনের সুযোগ পেতেন। বস্তার মধ্যে ঘাস ঢুকিয়ে কিকব্যাগ বানিয়ে চলত অনুশীলন। এরপর কয়েক বছর ধরে পিঠের ব্যথাটা ভালোই ভুগিয়েছে। সেই সঙ্গে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগও পাচ্ছেন না নিয়মিত। এ জন্যই ভরসাটা কম।

জুয়েল আহমেদও শোনাতে পারলেন না আশার কথা, ‘বক্সিং এক ঘুষির খেলা। যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। তবে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু গত গেমসে পদক জিতেছিলাম, সেটা ধরে রাখার মানসিক চাপও আছে।’

এবারই প্রথম রিংয়ে নামবেন মেয়েরা। শামীমা, বাসনা, সাকি ও সুমিরা তাই একটু বেশিই রোমাঞ্চিত। জাতীয় বক্সিংয়ে সেরার স্বীকৃতি পাওয়া শামীমা বলছিলেন, ‘অন্তত একটা পদক আনতে চাই।’

সেটি তো চাইবেনই। তবে চাওয়ার সঙ্গে পাওয়াটা মেলে কি না, এটাই প্রশ্ন।

বক্সিংয়ে বাংলাদেশের পদক

সোনা: ৪

রুপা: ১৭

ব্রোঞ্জ: ৪৩