বক্সিং অভিষেকেও জয় ফ্লিনটফের
১৯৯৮ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অ্যান্ড্রু ফ্লিনটফের। অভিষেক ম্যাচে তাঁর দল ইংল্যান্ড পেয়েছিল ৮ উইকেটের জয়। এবার ক্রীড়াজগতের অন্য এক অঙ্গনেও জয় দিয়ে অভিষেক হয়েছে ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডারের। গতকাল আমেরিকান বক্সার রিচার্ড ডউসনকে এক পয়েন্টের ব্যবধানে হারিয়ে হেভিওয়েট বক্সিংয়ে যাত্রা শুরু করেছেন ফ্লিনটফ। এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে এটাকেই নিজের সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন ৩৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।২০১০ সালের সেপ্টেম্বরে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। এরপর থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন বক্সিং রিংয়ে নামার জন্য। গতকাল আমেরিকান বক্সার রিচার্ড ডউসনের বিপক্ষে ম্যাচটি দিয়ে শুরু হয়েছে ফ্লিনটফের হেভিওয়েট বক্সিং ক্যারিয়ার। উদ্বোধনী ম্যাচেই ৩৯-৩৮ ব্যবধানে জয় পেয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। ম্যাচ শেষে উল্লাসিত ফ্লিনটফ বলেছেন, ‘সাফল্যের কথা বলতে গেলে অ্যাশেজ জয় বা এধরনের অনেক কিছুর কথাই বলা যায়। কিন্তু ব্যক্তিগত সাফল্যের বিবেচনায় এটাই আমার সবচেয়ে বড় অর্জন।’তবে জয় দিয়ে বক্সিং ক্যারিয়ার শুরু করলেও এখানে খুব বেশিদুর এগোবেন কি না, তা এখনও নির্ধারণ করতে পারেন নি ফ্লিনটফ। নিজেকে হেভিওয়েট বক্সিং জগতে খাপ খাইয়ে নিতে পারবেন কি না, সেটা নিয়েও সংশয়ে আছেন তিনি। বলেছেন, ‘আমরা দেখব কত দুর যাওয়া যায়। এটা আমার কাছে স্বাভাবিক কোন ব্যাপার না। আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। এখানে আসা ও শেষপর্যন্ত জিততে পারাটা চমত্কার একটা অভিজ্ঞতা। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। কিন্তু এমন কেউ হওয়ার ভান বা চেষ্টা আমি করব না যেটা আমি আসলে না।’১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ইংল্যান্ডের পক্ষে ৭৯টি টেস্ট খেলেছেন ফ্লিনটফ। ব্যাট হাতে করেছেন ৩ হাজার ৮৪৫ রান ও বল হাতে নিয়েছেন ২২৬ উইকেট। পাশাপাশি ১৪১টি ওয়ানডেও খেলেছেন এই ইংলিশ অলরাউন্ডার। একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ছিল ৩ হাজার ৩৯৪ রান ও ১১৯টি উইকেট।— বিবিসি অনলাইন