বক্সিং-কন্যা রোকসানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েরা খেলবে লুডু কিংবা ঘরের কোনো খেলা। কায়িক শ্রমের খেলাধুলায় তাদের মানায়? তা-ও আবার বাইরে গিয়ে কিলঘুষির খেলা, অসম্ভব! পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের এমন বিরূপ মনোভাবের সঙ্গে যোগ হয় নিজ সম্প্রদায়ের মানুষজনের কানাঘুষা; ছি, মেয়েটা আর কোনো খেলা পায়নি! কিন্তু এমন বৈরী পরিবেশেও অদম্য ইচ্ছাশক্তি ও একাগ্রতা রোকসানাকে এনে দিয়েছে বিশাল সাফল্য। হয়েছেন ব্রিটিশ কিকবক্সিং চ্যাম্পিয়ন। আন্তর্জাতিক কিকবক্সিংয়ের ৪৮-৫০ ক্যাটাগরিতে ব্রোঞ্জজয়ী এই ব্রিটিশ বাঙালি তরুণীর নাম রয়েছে প্রভাবশালী এক শ ব্রিটিশ বাঙালির ‘পাওয়ার হান্ড্রেড’ তালিকায়ও। কদিন বাদে অলিম্পিকের মশাল হাতে ছুটবেন রোকসানা। সেদিন পূর্ব লন্ডনের এক স্কুল-আঙিনায় বসে শোনালেন তাঁর ফেলে আসা দিন ও বক্সিং-প্রিয়তার আদ্যন্ত। লন্ডনে আর দশজন বাঙালি ছেলেমেয়ের মতোই তাঁর বেড়ে ওঠা। দস্যি প্রকৃতিরও ছিলেন না। সতেরো-আঠারো যখন বয়স, স্কুল থেকে ফেরার পথে মনে হলো পড়াশোনার পর বাকি সময়টায় কিছু একটা শিখবেন। শখের বসে খেলা ও আত্মরক্ষা—দুটিই হবে ভেবে কিকবক্সিং মাথায় ঘুরপাক খাচ্ছিল। পরিবারের মানুষজন এমন শখের কথা শোনায় বিপদ আরও বাড়ল। নানা বিধিনিষেধ চাপল তাঁর ঘাড়ে। শেষ পর্যন্ত অনেক কষ্টে বোঝাতে পারলেন পরিবারকে।বেথনাল গ্রিন এলাকার ‘কো জিম’ ব্যায়ামাগারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, খ্যাতনামা প্রশিক্ষক বিল জাডের কাছে ঐতিহ্যবাহী ম্যুয় থাই শেখার সুযোগ পান রোকসানা। হাঁটু ও কনুইয়ের ওপর জোর দেওয়া অতি উচ্চমাত্রার শারীরিক কসরতের বক্সিং খেলা হলো ম্যুয় থাই। অনুশীলনের ছয় মাসেই রোকসানার মাঝে আশার আলো দেখতে পান জাড। ধীরে ধীরে রোকসানাও টের পান বক্সিং শেখাটা শখের পর্যায় ছাড়িয়ে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য নিয়ে পড়াশোনার পাট চুকিয়ে রোকসানা ২০০৬ সালে চাকরি নেন এক নির্মাণপ্রতিষ্ঠানে। একঘেয়ে কাজ ভালো লাগে না, অফিস ছুটি হওয়ার অপেক্ষায় থাকেন, আসলে অপেক্ষা অনুশীলনে যাওয়ার। বছর ঘুরতেই ইস্তফা দিলেন প্রথম চাকরিতে। মাস ছয়েক পর স্থানীয় এক স্কুলে অস্থায়ী বিজ্ঞান সহকারীর কাজ নিলেন। কারণ স্কুলে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে মজা পাচ্ছিলেন। বাচ্চাদের বক্সিংও শেখানো যায়। ব্রিটেন জাতীয় দলের হয়ে ২০০৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে রোকসানা আলোচনার কেন্দ্রে আসেন। সেই থেকে স্বপ্নের শুরু; বাড়তে থাকে তাঁর ওপর দেশের প্রত্যাশা। ব্রিটিশ কিকবক্সিং চ্যাম্পিয়নের মুকুট এখন তাঁর মাথায়। সামনে ইউরোপজয়ের হাতছানি। ঘরের মাটিতে অলিম্পিকের আসর কিন্তু প্রিয় কিকবক্সিং অলিম্পিকে অন্তর্ভুক্ত নয় বলে রোকসানার মন খারাপ। চোখ তাঁর ব্রাজিল ২০১৬ অলিম্পিকের দিকে; কিকবক্সিং থাকছে ওই আসরে! মেয়ের ওপর এখন পূর্ণ আস্থা মা মিনারা বেগমের। ফোনে বললেন, ‘ছেলেমেয়ের সাফল্যে সব মা-বাবাই খুশি হয়। সন্তানের ওপর কিছু চাপিয়ে দিয়ে লাভ নেই। আমার রোকসানাই উদাহরণ।’ বাংলাদেশের স্মৃতি মনে পড়ে রোকসানার। সাত বছর আগে কিছুদিন দেশে কাটানোর অভিজ্ঞতা আর এখানে বাংলা চ্যানেলগুলোর খবরে চোখ পড়লে খারাপ লাগে। তাঁর মনে হয়, আত্মরক্ষার জন্য বাংলাদেশের প্রতিটি মেয়েরই বক্সিং শেখা জরুরি।