বক্সিং ছাড়তে চান না শামীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীমা আক্তার
শামীমা আক্তার

মুঠোফানের ওই প্রান্তে যখন শামীমা আক্তারকে পাওয়া গেল, তাঁকে ঘিরে বেশ শোরগোল। যশোরের স্থানীয় বাজারের একটি রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে খেতে বসেছেন। এসএ গেমসে প্রথমবারের মতো খেলেছে মেয়েরা। রিংয়ে নেমেই ব্রোঞ্জ জিতেছেন, শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভাসছেন; বোনাস হিসেবে নিয়মিত বন্ধুদের সঙ্গে ‘মিষ্টিমুখ’ করতে হচ্ছে।
গেমসে ‘বাই’ পেয়ে সরাসরি সেমিফাইনালে উঠেছিলেন শামীমা। নিয়ম অনুসারে ব্রোঞ্জটা নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। কিন্তু শামীমার স্বপ্ন ছিল আরও দূরে যাওয়ার, ‘আমি সোনা জিততে চেয়েছিলাম।’ সেমিফাইনালেই তাঁর সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান ভারতের অলিম্পিক ব্রোঞ্জজয়ী বক্সার মেরি কম। বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারকে দুই রাউন্ড বেশ ভালোমতোই সামলেছিলেন শামীমা। কিন্তু শেষ পর্যন্ত টেকনিক্যালি নকআউট হয়ে ব্রোঞ্জ পান।
খেলা শেষেই শামীমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন মেরি কম। বয়সে শামীমার দ্বিগুণ। অভিজ্ঞতায় আরও এগিয়ে। কিন্তু শামীমার খেলায় মেরি কম মুগ্ধ। কাল সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শামীমার কণ্ঠে উচ্ছ্বাস ঝরে পড়ল, ‘মেরি কমকে আমি আগে থেকেই চিনতাম। উনি বিশ্ব চ্যাম্পিয়ন। অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন। আমি জানতাম যে দুজনই একই ওজন শ্রেণিতে খেলব। কিন্তু শুরুতেই তাঁর সামনে পড়ব ভাবিনি। তবে ভয় পাইনি একটুও। প্রথম দিন মেরি কমের সঙ্গে খেলা না পড়লে হয়তো ফাইনালে উঠতাম। খেলার পর আমার অনেক প্রশংসা করেছেন মেরি কম।’
বাবা আতিয়ার রহমানের একমাত্র মেয়ে শামীমা, ভীষণ আদুরে। মেয়েকে ভারতে খেলতে পাঠিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। তবে মেয়ের গলায় পদক দেখে শেষ পর্যন্ত ভারমুক্ত হন। যশোর থেকে তাঁকে সংবর্ধনা দিতে কেউ আসেনি ঢাকায়। মেয়েকে যশোরে নিয়ে যেতে ঢাকায় এসেছিলেন বাবা একাই। যশোরে যাওয়ার পর শুধু স্থানীয় কমিউনিটি পৌরসভা বক্সিং ক্লাব থেকে সংবর্ধনা পেয়েছেন শামীমা। এই ক্লাবেই তাঁর বক্সিংয়ে হাতেখড়ি।
বাংলাদেশের বক্সিংয়ে মেয়েরা বেশ অনিয়মিত। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নেই মেয়েদের। কিন্তু এত কিছুর পরও শামীমা থেমে থাকতে চান না। তাঁর স্বপ্ন অলিম্পিকে খেলবেন, ‘আমি বক্সিং ছাড়তে চাই না। এসএ গেমসে খেলেছি। এরপর খেলতে চাই কমনওয়েলথ গেমসে। যদি মেয়েদের বক্সিংয়ের জন্য ফেডারেশন ক্যাম্প ডাকে, আমি সেখানে অনুশীলন করতে চাই। অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন মেরি কম, আমি একবার হলেও অলিম্পিকের রিংয়ে দাঁড়ানোর স্বপ্ন দেখি।’