বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার দাপট
ইনজুরির কারণে অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক বক্সিং ডে টেস্টে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। কিন্তু মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ক্লার্ক বেশ ভালোমতোই জানান দিলেন, তিনি পুরোপুরি সুস্থ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ২২তম টেস্ট সেঞ্চুরিটি তুলে নিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক। তাঁর ভালো ব্যাটিংয়ের সুবাদে বক্সিং ডে টেস্টের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছে স্বাগতিকেরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৪৪০ রান সংগ্রহ করে আজ দ্বিতীয় দিন শেষ করেছে ক্লার্ক বাহিনী। ৭৩ রান করে দিন শেষে অপরাজিত আছেন মিচেল জনসন।৩ উইকেটে ১৫০ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসন আজও দিনের বেশ কিছুক্ষণ উইকেটে ছিলেন। চতুর্থ উইকেটে তাঁরা যোগ করেছেন ১৯৪ রান। দলীয় ৩১১ রানের মাথায় এই জুটি ভাঙতে সক্ষম হন লঙ্কান পেসার সামিন্দা ইরাঙ্গা। ১০৬ রানের অধিনায়কোচিত এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন মাইকেল ক্লার্ক। এরপর খুব অল্প সময়ের মধ্যেই সাজঘরের পথ ধরেন শেন ওয়াটসন ও ম্যাথু ওয়াডে। ৮৩ রান আসে ওয়াটসনের ব্যাট থেকে। সপ্তম উইকেটে আবার ৬১ রানের জুটি গড়ে বেশ কিছুক্ষণ উইকেটে ছিলেন মাইক হাসি ও মিচেল জনসন। দলীয় ৩৭৬ রানের মাথায় ৩৪ রান করে দিলশানের শিকারে পরিণত হন হাসি। তবে এর পরও লড়াই চালিয়ে গেছেন জনসন। অষ্টম উইকেটে পিটার সিডলকে সঙ্গে নিয়ে আবার ৫৮ রান যোগ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। দিন শেষে তিনি অপরাজিত ৭৩ রানে। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট পেয়েছেন ধাম্মিকা প্রসাদ।