বক্সিং রিংয়ে সুরুজের ৯ মিনিট
প্রথম রাউন্ডটা ঠেকিয়ে রাখলেন। কোনো পয়েন্ট নিতে পারেননি প্যাট্রিক গ্যালাঘার। দ্বিতীয় রাউন্ডে গ্যালাঘারের তিন পয়েন্ট। শেষ রাউন্ডে সুরুজ বাঙালি শূন্য, গ্যালাঘার ছয় পয়েন্ট। তিন মিনিট করে তিন রাউন্ডের ম্যাচটা শেষ পর্যন্ত হলো একতরফা। বক্সিং রিংয়ে বাংলাদেশি এক তরুণের লড়াইটা শুরুতে যতটা আশা দিল, শেষটা হতাশ করল ততটাই। উত্তর আয়ারল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর কাছে ০-৯ পয়েন্টে হার। কোয়ার্টার ফাইনালে ওঠার তৃপ্তিটাই থাকল সুরুজের।সুরুজের চেয়ে উচ্চতায় খাটো গ্যালাঘার। কিন্তু শক্তি ও কৌশলে তিনি অনেক এগিয়ে। তাই ৯ মিনিটের লড়াইটা হলো অসম।সুরুজের কৃতিত্ব যে প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে কোনো পয়েন্ট দেননি। কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতায় কালেভদ্রে অংশ নিলে যে এ রকমই হয় সেটাই মনে করিয়ে দিলেন তিনি, ‘২০০৬ সালের পর এই প্রথম আন্তর্জাতিক গেম করলাম। ট্রেনিং মোটামুটি ঠিক আছে, এতে আমরা দু-একটি ম্যাচ ভালো করতে পারি। কিন্তু ভালো করতে হলে নিয়মিত বাইরে যেতে হবে। আমাদের বিদেশি কোচও জরুরি।’কোচ আতিয়ার রহমানেরও একই উপলব্ধি, ‘আগে আমরা নকআউট হয়ে যেতাম। এখন একটা-দুটো ম্যাচ জিতছি। আমাদের দেশের বাইরে বেশি বেশি টুর্নামেন্ট খেলতে হবে।’গ্যালাঘারের আলাদা কোচ আছে। ক্লাবে খেলে টাকা পান না। পার্টটাইম চাকরি করে নিজের খরচ চালান। মিক্সড জোনে দাঁড়িয়ে বলছিলেন, ‘বাংলাদেশি খেলোয়াড়টি ভালো। কিন্তু ওর নার্ভ দুর্বল। আমি টেকনিক্যালি ওর সব আক্রমণ রুখে পয়েন্ট নিয়েছি।’ এদিকে কাল ভারোত্তোলনের পুরুষ ৮৫ কেজিতে বাংলাদেশের মুমিন আবদুল্লাহ ২৫০ কেজি তুলে (সোনাজয়ী তুলেছেন ২৬৫ কেজি) নয়জনের মধ্যে পঞ্চম হয়েছেন। ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে ৬৩ জনে ৩৩তম মাহফিজার রহমান।