বক্সিং রিংয়েই মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্সিং মানে শুধু জয়ের উল্লাস নয়, পরাজয়ের হতাশা নয়; নয় অনেক টাকার হাতছানিও। খেলাটির মধ্যে লুকিয়ে থাকে মৃত্যুও। জীবন দিয়েই সেটি প্রমাণ করে গেলেন দক্ষিণ আফ্রিকান বক্সার এমজোয়ানেলে কোমপোলো। গত মঙ্গলবার রিংয়ে নকআউট হওয়ার খানিক পরই চিরনিদ্রায় ঢলে পড়েন ২২ বছর বয়সী এই বক্সার। একই দিন ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান বক্সার ডেভিড ব্রাউন জুনিয়রও মারা গেছেন প্রতিপক্ষের কাছে নকআউট হওয়ার পর। বিতর্ক চলে আসছিল অনেক দিন ধরেই, সাম্প্রতিক এই দুটি মৃত্যু আবার নতুন করে বিতর্কে ফেলল বক্সিংকে।
রিংয়ে সিফেনাথি কামপির মুখোমুখি হয়েছিলেন কোমপোলো। প্রথম রাউন্ডেই প্রতিপক্ষের ঘুষিতে রিংয়ে লুটিয়ে পড়েন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে গেলেও সংজ্ঞা ফেরেনি তাঁর। গত এক বছরে দক্ষিণ আফ্রিকায় রিংয়ে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। গত অক্টোবরে লড়াইয়ের সময় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান নারী বক্সার ফিনদিলে মুয়েলাসে। ঘটনার প্রায় বছর ঘুরতে চললেও দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয় এখনো মুয়েলাসের মৃত্যুর ঘটনাটির তদন্ত শেষ করতে পারেনি। এমন অবস্থায় কোমপোলোর মৃত্যু নতুন করে তাদের ওপর চাপ সৃষ্টি করেছে। এদিকে অস্ট্রেলীয় বক্সার ডেভিড ব্রাউন জুনিয়রের মৃত্যুর পর অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বক্সিং নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এএফপি।