বক্সিং স্টেডিয়ামে সাততলা ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কমিটির সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদকের রেষারেষি ছিল—ক্রীড়াঙ্গনে জোর গুজব ছিল এটা নিয়ে। এ কারণেই নাকি গত আড়াই বছর কোনো খেলা গড়ায়নি বক্সিং রিংয়ে! তবে গত সপ্তাহে দায়িত্ব নিয়েই নড়েচড়ে বসেছে নতুন অ্যাডহক কমিটি। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনকে সভাপতি ও এম এ কুদ্দুস খানকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরশু নতুন কমিটি প্রথম সভা করেই প্রথম যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সেটি হলো মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের পেছনের দিকের দ্বিতল ভবনটা ভেঙে নতুন করে সেখানে সাততলা ভবন করা হবে। সভাপতি গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। সুযোগটা তাই কাজে লাগাতে চাইছেন সাধারণ সম্পাদক কুদ্দুস, ‘বিভিন্ন প্রতিযোগিতার সময় মিরপুর ক্রীড়াপল্লী, হকি স্টেডিয়াম ও কমলাপুরে বক্সারদের আবাসনের ব্যবস্থা করতে হয়। নতুন ভবন হলে এদের এখানে রেখে দীর্ঘস্থায়ী আবাসিক ক্যাম্প করাতে পারব। ভবন নির্মাণের জন্য এনএসসির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। আশা করি, দ্রুত কাজ শুরু হবে।’ নতুন সভাপতির ফেবারিট খেলা নাকি বক্সিং, তাঁকে দিয়ে তাই বক্সিংয়ের উন্নয়নের সুযোগটা হাতছাড়া করতে চান না সাবেক বক্সার।