বক্সিংরিংয়ে ফ্রেডি
দ্বিতীয় রাউন্ডের খেলা চলছিল। রিচার্ড ডসনের এক ঘুষিতে একেবারে পপাত ধরণিতল। রেফারি তখন আট থেকে উল্টো গোনা শুরু করে দিয়েছেন। এর মাঝে উঠে দাঁড়াতে না পারলে হার নিশ্চিত। কিন্তু তিনি যে অন্য ধাতুতে গড়া! সেখান থেকে উঠে দাঁড়িয়ে পরের দুই রাউন্ডে লড়লেন আদ্যন্ত পেশাদারের মতো। ডসনকে হারিয়ে দিলেন ৩৯-৩৮ পয়েন্টে।এটি কোনো বিখ্যাত মুষ্টিযোদ্ধার কাহিনি নয়। এই কাহিনির নায়ক সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। ক্রিকেটের ২২ গজে ব্যাটসম্যানদের নাকাল করেছেন বহুবার। শাসন করেছেন বোলারদেরও। ক্রিকেটকে বিদায় জানানোর বছর তিনেক পরে হঠাৎ করেই শখ হলো বক্সিং রিংয়ে নামবেন। অনেকেই ভুরু কুঁচকেছিলেন, এ আবার কোন ভীমরতিতে ধরল ফ্রেডিকে! কেউ কেউ তো বলেছিলেন এটা সস্তা জনপ্রিয়তা কুড়ানোর চেষ্টা। কিন্তু ফ্লিনটফ পাঁচ মাস নিবিড় প্রশিক্ষণ করে গেছেন সাবেক ফেদারওয়েট চ্যাম্পিয়ন ব্যারি ম্যাকগুইগানের কাছে। গতকাল ম্যানচেস্টার অ্যারেনাতে ছিল পেশাদার বক্সিংয়ে অভিষেক। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের বক্সার ডসন। গ্লাভস জোড়া হাতে গলানোর সময় ফ্লিনটফের বুকটা হয়তো দুরুদুরুও করছিল। পাঁচ হাজার দর্শকের মাঝে যে ছিলেন স্টিভ হার্মিসন, ম্যাথু হগার্ডের মতো সাবেক সতীর্থরা। স্ত্রী র্যাচেলও গলা ফাটিয়ে উৎসাহ দিয়ে গেছেন স্বামীকে।জেতার পর ফ্রেডি এতটাই খুশি যে ক্রিকেট খেলার চেয়ে বক্সিংকেই এগিয়ে রাখছেন, ‘ব্যক্তিগত অর্জন হিসেবে এটা সবকিছুর ওপরে। দর্শকেরা বিরাট একটা পার্থক্য গড়ে দিয়েছে। মাঝে একটু হোঁচট খেয়েছিলাম, কিন্তু মুহূর্তটা ছিল দুর্দান্ত। আসলেই উপভোগ করেছি এটা।’ প্রথম লড়াইয়েই বাজিমাত, ফ্রেডি যেন উড়ছেন। কিন্তু আবারও বক্সিং রিংয়ে নামার সিদ্ধান্তটা বড়দিন পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন, ‘আমি আগে বড়দিনটা উদ্যাপন করতে চাই। এরপর ঠিক করব আমি কী করব।’ এএফপি, ওয়েবসাইট।